Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: আজ থেকে কলকাতা-সহ গোটা রাজ্যে শুরু হয়েছে তিন দিনের বিশেষ জনকল্যাণমূলক কর্মসূচি ‘সেবা সেতু অভিযান’ (Seva Setu Abhiyan)। সাধারণ মানুষের কাছে সরকারি বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ শিবিরের আয়োজন। যাঁরা আগে কোনও কারণে সরকারি প্রকল্পে আবেদন করতে পারেননি বা নথিপত্রের সমস্যায় সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের জন্যও ফের আবেদনের সুযোগ থাকছে এই শিবিরে।
একাধিক প্রকল্পে আবেদনের সুযোগ (Seva Setu Abhiyan)
‘সেবা সেতু অভিযান’-এর মাধ্যমে অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিষাণ ক্রেডিট কার্ড, পিএম কিষাণ নিধি-সহ রাজ্য ও কেন্দ্রের একাধিক সামাজিক প্রকল্পে আবেদন করা যাবে। ফলে বিভিন্ন সরকারি পরিষেবার জন্য আলাদা জায়গায় ঘোরার পরিবর্তে একই শিবিরে প্রয়োজনীয় তথ্য ও আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন সাধারণ মানুষ।
থাকছে সরকারি আধিকারিকদের কাউন্টার (Seva Setu Abhiyan)
তিন দিন ধরে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে শিবির। বিভিন্ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় ফর্ম নিয়ে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিকরা। পাশাপাশি একাধিক ব্যাঙ্কের কাউন্টারও থাকবে। ফলে আবেদন সংক্রান্ত কাজের পাশাপাশি প্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবাও পাওয়া যাবে।
কলকাতার ১৬ বরোয় ৫৩টি শিবির (Seva Setu Abhiyan)
কলকাতা পুরসভার ১৬টি বরো এলাকায় মোট ৫৩টি শিবির বসানো হয়েছে। শুধু সরকারি প্রকল্পে আবেদন নয়, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে শিবিরগুলিতে রাখা হয়েছে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাও। থাকছে ই-কেওয়াইসি কেন্দ্র, যেখানে প্রয়োজনীয় নথি ও তথ্য আপডেট করার সুযোগ মিলবে।
মহিলা ও শিশুদের জন্যও বিশেষ ব্যবস্থা (Seva Setu Abhiyan)
প্রতিটি শিবিরে একটি করে ব্রেস্ট ফিডিং সেন্টার এবং শিশুদের জন্য খেলাধুলার জায়গা রাখা হয়েছে। পুর কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী প্রতিদিনই শিবির চালু থাকবে।
জয় হিন্দ ভবনেও সকাল থেকেই মানুষের ভিড়
কলকাতার বিভিন্ন প্রান্তের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়া থেকে মাত্র ১০০ মিটার দূরের জয় হিন্দ ভবনেও চলছে ‘সেবা সেতু অভিযান’। কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডের একাধিক জায়গায় সকাল থেকেই সরকারি প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়েছে।
আরও পড়ুন:Cyber Crime: নিউটাউনে আন্তর্জাতিক ফেক কল সেন্টারের হদিস, গ্রেফতার ২৪
অন্নপূর্ণা যোজনার আবেদন ঘিরে বাড়তি ভিড়ের আশঙ্কা
বিশেষ করে অন্নপূর্ণা যোজনার ফর্ম সংগ্রহ ও পূরণকে কেন্দ্র করে শিবিরগুলিতে বাড়তি চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন পুরকর্মীদের একাংশ। সেই কারণে ভিড় নিয়ন্ত্রণ ও পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তিন দিনই প্রতিটি শিবিরে বাড়তি পুলিশি নিরাপত্তার জন্য লালবাজারকে অনুরোধ করেছে কলকাতা পুরসভা।



