Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার মাঠে শুরুটা হয়েছিল দুর্দান্ত প্রতিরোধ দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত হতাশাতেই মাঠ ছাড়তে হলো ভারতীয় প্রমীলা ব্রিগেডকে (India vs Russia)। বৃহস্পতিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচে শক্তিশালী রাশিয়ার মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে থাকা দুইবারের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালিস্ট রাশিয়ার বিরুদ্ধে ৬৯তম স্থানে থাকা ভারতের এই লড়াই যে মোটেই সহজ ছিল না, তা বলাই বাহুল্য। তবে শক্তির ব্যবধান ভুলে ম্যাচের শুরু থেকেই ভারতের মেয়েরা বীরোচিত লড়াই উপহার দেয়।
প্রথম অর্ধে মরিয়া প্রতিরোধ (India vs Russia)
ম্যাচের প্রথমার্ধে মূলত রক্ষণভাগ সামলে নিজেদের জালে বল ঢুকতে না দেওয়ার কৌশল নেয় ভারত। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা শক্তির বিপক্ষে টানা ৩০ মিনিট গোলশূন্য লড়াই চালিয়ে যাওয়া ভারতীয় রক্ষণের জন্য ছিল বড় এক কৃতিত্ব। এই সময়ে ভারতীয় দলের রক্ষা প্রাচীর হয়ে ওঠেন গোলরক্ষক মোনালিসা দেবী। তাঁর কয়েকটি অসাধারণ সেভ দলকে বেশ কিছুক্ষণ ম্যাচের মধ্যে টিকিয়ে রাখে। তবে ভারতের এই কঠিন প্রতিরোধ ভেঙে ম্যাচের ৪০ মিনিটে প্রথম সাফল্য পায় রাশিয়া; ইানা শেইনার এক চমৎকার গোলে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধে ক্লান্তির প্রভাব (India vs Russia)
প্রথম অর্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে বিরতিতে গেলেও, দ্বিতীয় অর্ধে ম্যাচের গতিপ্রকৃতি সম্পূর্ণ বদলে যায়। একদিকে পিচের পিচ্ছিল অবস্থা ও প্রবল বৃষ্টি, অন্যদিকে শারীরিক ক্লান্তি—এই তিনের সাথে আর টেক্কা দিতে পারেনি তরুণ ভারতীয় দলটি। ম্যাচের ৬০ মিনিটে রাশিয়ার পরিবর্ত খেলোয়াড় কিরা ব্যবধান ২-০ করেন। এর ঠিক ১০ মিনিট পর, অর্থাৎ ৭০ মিনিটে আবারও নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি তুলে নেন এই রুশ ফরোয়ার্ড।
জয় নিশ্চিত রাশিয়ার (India vs Russia)
ম্যাচের ৮০ মিনিটে রাশিয়ার হয়ে চতুর্থ গোলটি করেন ইানা স্ভিস্তুনোভা। এরপর ভারত কার্যত ম্যাচের ওপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ভারতের ডিফেন্সের মরিয়া চেষ্টা এবং পোস্ট বাধা হয়ে না দাঁড়ালে ব্যবধান হয়তো আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত ০-৪ গোলের ব্যবধানেই ম্যাচ জিতে নেয় রাশিয়ান ‘সবোরনিয়া’রা।
ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ (India vs Russia)
এই হার অত্যন্ত হতাশাজনক হলেও তরুণ ভারতীয় দলের জন্য এটি শেখার একটি বড় সুযোগ (India vs Russia)। আগামী ১১ অক্টোবর কিশোর ভারতী স্টেডিয়ামেই ফের একবার এই শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধেই মাঠে নামবে ভারত। প্রথম ম্যাচের ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে দ্বিতীয় ম্যাচে ভারত নিজেদের কতটা মেলে ধরতে পারে, এখন সেটাই দেখার।



