Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সুইৎজারল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক তথা আর্সেনালের প্রাক্তন মিডফিল্ডার গ্রানিত জাকা কোভিড-১৯ টিকাকরণের ভুয়ো শংসাপত্র নেওয়ার অভিযোগে বড় শাস্তির মুখে পড়েছেন (Granit Xhaka)। ২০২২ সালে আর্সেনালে খেলার সময় তাঁর বিরুদ্ধে এই জালিয়াতির অভিযোগ ওঠে। ঘটনার তদন্তের পর সুইস প্রশাসন তাঁকে দেড় লক্ষ সুইস ফ্রাঁ (ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা) জরিমানা করেছে।
জরিমানার শর্ত (Granit Xhaka)
সুইস প্রশাসনের এই আর্থিক জরিমানা আপাতত স্থগিত রাখা হয়েছে। শর্ত অনুযায়ী, আগামী দুই বছরের মধ্যে তিনি যদি নতুন কোনো অপরাধে জড়িত না হন, তবে তাঁকে এই জরিমানার অর্থ মেটাতে হবে না। তবে আদালতের আনুষঙ্গিক যাবতীয় খরচ ইতিমধ্যেই মিটিয়ে দিয়েছেন এই সুইস তারকা।
দায় স্বীকার (Granit Xhaka)
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে শাস্তির সিদ্ধান্ত পুরোপুরি মেনে নেওয়ার কথা জানিয়েছেন সান্ডারল্যান্ডের বর্তমান অধিনায়ক জাকা। নিজের ভুল স্বীকার করে তিনি জানান, কয়েক সপ্তাহ আগেই তিনি নিজের সিদ্ধান্তের দায় নেওয়ার কথা বলেছিলেন এবং তিনি সেই অবস্থানেই অনড়। সরকারি কৌঁসুলির দপ্তরের বিস্তারিত তদন্তের পর আসা সিদ্ধান্ত তিনি বিনম্রভাবে গ্রহণ করেছেন। পাশাপাশি কঠিন সময়ে পাশে থাকা অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
জাতীয় দল থেকে বাদ (Granit Xhaka)
২০২২ সালে কোভিডের টিকা নেওয়া নিয়ে জাকার মনে গভীর সংশয় ছিল, যার ফলে তিনি এই ভুল পদক্ষেপ নিয়েছিলেন বলে জানান। জাতীয় দলের হয়ে সর্বাধিক ১৫২টি ম্যাচ খেলার রেকর্ড থাকা সত্ত্বেও, বিতর্ক সামনে আসার পর তাঁকে উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্যায়ের পরপর চারটি ম্যাচে দল থেকে বাদ দেওয়া হয়। যদিও জাকাকে ছাড়াই সেই চারটি ম্যাচে জয় তুলে নেয় সুইৎজারল্যান্ড।
আরও পড়ুন: Dejan Dražić: রক্তাক্ত মাথায় লড়াই করে ডার্বি জয় ডেজান দ্রাজিচের
জাতীয় দলে ফেরার সম্ভাবনা (Granit Xhaka)
জাকা কবে জাতীয় দলে ফিরবেন, তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে (Granit Xhaka)। সুইস ফুটবল সংস্থার সভাপতি পিটার ন্যাবেল জানিয়েছেন, দলের স্বার্থ ও পরিবেশের কথা মাথায় রেখেই তাঁকে আপাতত বাইরে রাখা হয়েছিল। জাকার ভুল স্বীকার ও শাস্তিমেনে নেওয়াকে স্বাগত জানালেও, সংস্থা মনে করছে এই আন্তর্জাতিক শিবিরটি তাঁকে ছাড়া শেষ করাই দলের পক্ষে ভালো। তবে জাকার আন্তর্জাতিক কেরিয়ার এখানেই শেষ হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন ন্যাবেল; আন্তর্জাতিক বিরতি শেষ হলে জাকার সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



