Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ইস্টবেঙ্গলের ফুটবলারের সঙ্গে সংঘর্ষে মাথা ফাটে মোহনবাগানের ডেজান দ্রাজিচের (Dejan Dražić)। তারপরেও থামিয়ে রাখা যায়নি তাঁকে। খেলা চালিয়ে গেলেন চোট নিয়েই। অঝোরে রক্ত ঝরতে থাকে। ডাগ আউটে এসে বারবার রক্ত মুছে ফের খেলা চালিয়ে যান তিনি। বদলাতে হয় জার্সি। আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। ম্যাচের ৫৫ মিনিটে ইস্টবেঙ্গল ফুটবলারদের সঙ্গে সংঘর্ষে গুরুতর মাথায় চোট পান ড্রাজিক। ঝরঝর করে রক্ত ঝরতে থাকলেও মাঠ ছাড়েননি এই সার্বিয়ান তারকা। মাথার ব্যান্ডেজ নিমেষেই রক্তে লাল হয়ে গেলেও জয়ের খিদে ও ডুরান্ড কাপের হারের বদলা নেওয়ার জেদে তিনি দাপিয়ে বেড়ালেন পুরো মাঠ। মাঝমাঠে মিগুয়েল ফিগুয়েরার বদলে তাঁকে প্রথম একাদশে নামিয়ে কোচের দেওয়া ভরসার মান রাখেন তিনি। ম্যাচ শেষে সবুজ-মেরুন কোচ প্যানাজিওটিস ডিলমপেরিস রসিকতা করে বলেন, “মাথা ফাটার পর দ্রাজিচের পারফরম্যান্স আরও ভাল, ওর দম যেন আরও বেড়ে যায়।”
আন্ডারডগ ট্যাগ উড়িয়ে আত্মবিশ্বাসী প্রত্যাবর্তন (Dejan Dražić)
ফাইনাল ম্যাচের আগে পরিসংখ্যান অনুযায়ী ইস্টবেঙ্গলকেই অনেকে ফেভারিট ভাবছিলেন। সেমিফাইনালে নর্থ ইস্টের বিরুদ্ধে সাত গোল দিয়ে ফাইনালে উঠেছিল লাল-হলুদ ব্রিগেড, অন্যদিকে মোহনবাগান সেমিফাইনাল পার করেছিল টাইব্রেকারে। তবে এই চাপের কাছে নতিস্বীকার করেননি বাগান ফুটবলাররা। ম্যাচ শেষে ড্রাজিক জানান, ইস্টবেঙ্গলকে তিনি অভিনন্দন জানান তবে প্রতিপক্ষের সাত গোলের ম্যাচ দেখে তাঁরা বিচলিত হননি। তিনি জানতেন ডার্বির লড়াই সম্পূর্ণ ভিন্ন এবং ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার সময় মানসিক মনোযোগ ধরে রাখাটাই আসল কথা। চোখে চোখ রেখে লড়াই করার মানসিকতাই তাঁদের সাফল্য এনে দিয়েছে।
রক্ষণের ভারসাম্য (Dejan Dražić)
ভারতের সবচেয়ে বড় ডার্বি জয়ের পথে যে কিছুটা চাপ ও টেনশনের চোরাস্রোত ছিল, তা অকপটে স্বীকার করে নেন ড্রাজিক। তিনি জানান, এই ধরণের বড় ম্যাচে শুধু আক্রমণ করলেই হয় না, দলের স্বার্থে সবাইকে মিলে রক্ষণ সামলাতেও হয়। দলের তরুণ ও স্থানীয় ফুটবলাররা কলকাতা লিগে নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিল। ডার্বির আগে কিছুটা স্নায়ুর চাপ থাকলেও, সমস্ত পরিকল্পনা সঠিক জায়গায় প্রয়োগ করে জয় ছিনিয়ে এনেছে দল। এই জয় আইএসএল শুরুর আগে পুরো মোহনবাগান দলের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: India vs Russia: রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে হার ভারতের মেয়েদের
আইএসএল-এর নতুন চ্যালেঞ্জ (Dejan Dražić)
আইএফএ শিল্ড জয়ের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে এবার পরবর্তী লক্ষ্য আইএসএল (Dejan Dražić)। সোমবার থেকেই শুরু হচ্ছে লিগের প্রথম ম্যাচ, যেখানে প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। তবে একের পর এক কঠিন ম্যাচ নিয়ে বাড়তি ভাবতে রাজি নন শিল্ড ফাইনালের সেরা ফুটবলার। ড্রাজিক স্পষ্টভাবে জানান, তাঁদে মূল লক্ষ্য এই মরশুমে আইএসএল ও সুপার কাপসহ সমস্ত ট্রফি জয় করা। কঠিন সময়ে সমর্থকদের অবদান স্মরণ করে তিনি ভক্তদের সবসময় পাশে থাকার আহ্বান জানান। মাথায় মারাত্মক যন্ত্রণা থাকা সত্ত্বেও সাংবাদিক সম্মেলনে হাসিমুখে সেলফিতে মেতে ওঠেন এই তারকা, যা দেখে হাসি ফোটে গম্ভীর কোচ প্যানোসের মুখেও। আইএসএল শুরুর ঠিক মুখে বাগান শিবিরে এখন শুধুই ‘ফিল গুড’ পরিবেশ।



