Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় ফের তেলবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে (Hormuz Strait)। ওমান উপকূলের কাছে ভারতীয় নাবিকবাহী পরপর দুটি জাহাজে হামলার ঘটনায় নিখোঁজ হয়েছেন দুই ভারতীয় নাবিক। তাঁদের নাম বীর বাহাদুর যাদব ও অমিত সিং। ঘটনার পর থেকেই তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ওমানের উপকূলরক্ষী বাহিনী। এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কড়া নিন্দা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। একই সঙ্গে আন্তর্জাতিক জলপথে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে নয়াদিল্লি।
ওমান উপকূলে পরপর দুটি জাহাজে হামলা (Hormuz Strait)
জানা গিয়েছে, রবিবার নিকারাগুয়া ও মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী দুটি জাহাজ ওমান উপকূলের কাছে নোঙর করা ছিল। প্রতিটি জাহাজে ১১ জন করে ভারতীয় নাবিক ছিলেন। অভিযোগ, ওই দুটি জাহাজকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। হামলার পর থেকে দুই ভারতীয় নাবিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়েছে।
ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথের কাছাকাছি এমন হামলা সামুদ্রিক পরিবহণ ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছে।
বিদেশ মন্ত্রকের কড়া বার্তা (Hormuz Strait)
সোমবার এই ঘটনার নিন্দা করে বিবৃতি জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক। মন্ত্রকের বক্তব্য, ভারতীয় নাবিকদের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ হওয়া প্রয়োজন।
পাশাপাশি, হরমুজ প্রণালী-সহ আন্তর্জাতিক জলপথগুলিতে অবাধ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মতে, আন্তর্জাতিক আইন মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনা ও কূটনীতির মাধ্যমে যাবতীয় সমস্যার সমাধান করা জরুরি। কারণ, জলপথে অস্থিরতা বাড়লে তার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহণের উপরেও।
হরমুজ ঘিরে উত্তেজনা (Hormuz Strait)
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালী সংলগ্ন পরিস্থিতি উত্তপ্ত। এই অঞ্চলে সংঘাতের জেরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ সংক্রান্ত ঘোষণার মধ্যেও এই এলাকায় হামলার অভিযোগ সামনে আসছে।
আরও পড়ুন: Agnimitra Paul: ফ্যাশন ডিজাইনারের হাত ধরে হলুদ-লালে মাতছে কলকাতা
এর আগেও ওমান উপকূলের কাছে ভারতীয় নাবিক থাকা জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গত ৯ অক্টোবর পানামার পতাকাবাহী একটি জাহাজে একই ধরনের হামলার অভিযোগ ওঠে। ওই জাহাজে ২২ জন ভারতীয় নাবিক থাকলেও তাঁরা প্রত্যেকেই নিরাপদ ছিলেন বলে জানা যায়।



