Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের টি-টোয়েন্টি দলের দাপট বিশ্বজুড়ে স্বীকৃত হলেও, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে বেশ কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে শ্রেয়াস আইয়ারের দলকে (IND vs WI)। প্রথম ম্যাচে ভারত সহজে জয় পেলেও, রাঁচিতে দ্বিতীয় ম্যাচে আড়াইশো রান তাড়া করে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় ক্যারিবিয়ানরা। যদিও তৃতীয় ম্যাচে ১৪ রানে জয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত, তবে হায়দরাবাদে চতুর্থ ম্যাচের আগে দলের প্রধান চিন্তা হয়ে দাঁড়িয়েছে বোলিং বিভাগ। জশপ্রীত বুমরাহের অনুপস্থিতি যে ভারতীয় বোলিং আক্রমণকে কিছুটা হলেও অস্বস্তিতে রাখছে, তা দলের অন্দরেও স্পষ্ট।
ক্যারিবিয়ানদের মারকাটারি ব্যাটিং (IND vs WI)
মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের শক্তির কথা খোলামেলা স্বীকার করে নিয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক তিলক বর্মা। তাঁর মতে, ক্যারিবিয়ানরা টি-টোয়েন্টি ফর্ম্যাটে অত্যন্ত ভয়ঙ্কর এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুবাদে এই ফরম্যাটের খুঁটিনাটি তাদের নখদর্পণে। তিলক জানিয়েছেন, প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপের গভীরতা এতটাই বেশি যে শেষ ব্যাটার পর্যন্ত বড় শট খেলার ক্ষমতা রাখে। ফলে এই ধরনের প্রতিপক্ষের বিরুদ্ধে রিল্যাক্স করার কোনও অবকাশ নেই এবং রক্ষণাত্মক মানসিকতা ঝেড়ে ফেলে বোলারদের উইকেট নেওয়ার লক্ষ্যেই বল করতে হবে।
গৌতম গম্ভীরের কড়া বার্তা (IND vs WI)
রাঁচিতে ডিফেন্সিভ বোলিংয়ের মাশুল যে দলকে দিতে হয়েছিল, সে কথাও স্বীকার করেছেন তিলক। রাঁচি হারের পর ইন্দোরের তৃতীয় ম্যাচেও ইনিংসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ঝড় তুলেছিলেন। এই পরিস্থিতিতে দলের হেড কোচ গৌতম গম্ভীর বোলারদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন—পরিস্থিতি যাই হোক, বল করতে হবে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে এবং উইকেটের জন্য ঝাঁপাতে হবে। রক্ষণাত্মক বোলিংয়ের মানসিকতা থেকে বেরিয়ে আগ্রাসী বোলিংই এখন ভারতের মূল হাতিয়ার।
আরও পড়ুন: Yuvraj Singh: দিল্লি ক্যাপিটালসে নতুন ইনিংস যুবরাজ সিংয়ের, ডাগআউটে ফের সৌরভ-যুবরাজ জুটি
ব্যাটিংয়ে তিলকের ভূমিকা (IND vs WI)
বুধবারের ম্যাচটি হতে চলেছে রাজীব গান্ধী স্টেডিয়ামে, যেখানে নতুন পিচ তৈরি করা হয়েছে (IND vs WI)। ম্যাচ শুরুর আগে পরিবেশ ও পরিস্থিতি বুঝে তবেই কৌশল স্থির করতে চায় দল। টি-টোয়েন্টি ক্রিকেটে বড়জোর এক বা দুটি বল দেখে পরিস্থিতি বুঝে নেওয়ার সুযোগ থাকে বলে মত তিলকের। পাশাপাশি, নিজের ব্যাটিং পজিশন নিয়ে তিনি জানান—বরাবর তিন নম্বরে ব্যাট করতে পছন্দ করলেও দলের প্রয়োজন অনুযায়ী যেকোনো জায়গায় নামতে তাঁর কোনও আপত্তি নেই। হায়দরাবাদের এই চতুর্থ ম্যাচে বোলিংয়ের দুর্বলতা কাটিয়ে সিরিজ নিজেদের দখলে রাখতে ভারত কতটা সফল হয়, সেটাই এখন দেখার।



