Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান (Bhubaneswar Kumar)। অবশেষে জাতীয় টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন ঘটেছে অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর ঠিক আগেই ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় ভুবির এই আগমন। একের পর এক তরুণ বোলারদের ভিড়ে ভুবিকে প্রথম একাদশে সুযোগ না দিলে তা যে বড় আলোচনার জন্ম দেবে, তা বলাই বাহুল্য। তবে এই অভিজ্ঞ পেসারের ফেরা নিয়ে ইতিবাচক সুর শোনা গেল ভারত অধিনায়ক শ্রেয়াস আইয়ারের গলায়।
ভুবির অভিজ্ঞতাই ভরসা (Bhubaneswar Kumar)
প্রথম ম্যাচের আগের সাংবাদিক বৈঠকে ভুবনেশ্বরের ফেরা নিয়ে খোলামেলা আলোচনা করেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তাঁর মতে, আইপিএলের পর দলে একঝাঁক নতুন বোলারের আগমন ঘটেছিল। সেখানে ভুবনেশ্বরের মতো অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি দলের বোলিং বিভাগকে বাড়তি ভারসাম্য দেবে।
শ্রেয়াস জানান, “ভুবি দলে আসার পর সঙ্গে করে প্রচুর অভিজ্ঞতা নিয়ে এসেছে। আইপিএলের পর থেকে আমাদের স্কোয়াডে এই অভিজ্ঞতাটার একটা ঘাটতি ছিল, কারণ নতুন অনেক বোলার উঠে এসেছিল। সেই পরিস্থিতিতে ওর প্রত্যাবর্তন আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।”
একাদশে ঢোকার লড়াই (Bhubaneswar Kumar)
ভুবনেশ্বরের প্রত্যাবর্তনে দলের প্রথম একাদশে জায়গা পাওয়ার প্রতিযোগিতা যে অনেকটাই বেড়ে গেল, তা মেনে নিয়েছেন ভারত অধিনায়ক। তবে এটাকে কোনও সমস্যা না ভেবে দলের জন্য শুভ ইঙ্গিত বলেই মনে করছেন তিনি।
শ্রেয়সের মতে, বোলিং বিভাগে এমন সুস্থ প্রতিযোগিতা দলের বাকি সদস্যদের পারফর্ম করার ক্ষেত্রে বাড়তি অনুপ্রাণিত করবে। তিনি বলেন, “প্রতিটি দলেই এমন প্রতিযোগিতা থাকা জরুরি। এটা বর্তমান সদস্যদের সতর্ক করবে এবং নিয়মিত ভাল পারফর্ম করতে বাধ্য করবে। আমাদের চূড়ান্ত লক্ষ্য যেকোনও মূল্যে ম্যাচ জেতা, আর এই ধরনের প্রতিযোগিতা দলের জয়ের পথকেই সুগম করে।”
আইপিএলে সাফল্য ভুবির (Bhubaneswar Kumar)
ভুবনেশ্বরের সাম্প্রতিক পারফর্ম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন শ্রেয়াস (Bhubaneswar Kumar)। গত দুই মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ভুবির পারফর্ম্যান্স এক কথায় দুর্দান্ত। পরপর দু’বার আরসিবি-র আইপিএল খেতাব জয়ের পেছনে বড় ভূমিকা ছিল তাঁর। গত দুই মরশুমে ৩০টি ম্যাচে তিনি মোট ৪৫টি উইকেট নিয়েছেন। বিশেষ করে ২০২৬ মরশুমে ১৬টি ম্যাচে ২৮টি উইকেট নিয়ে টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি।
আরও পড়ুন: Temba Bavuma: শচিনকে আদর্শ মেনেই সফল বাভুমা
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ভুবির রেকর্ড দারুণ। ভারতের হয়ে ৮৮টি ম্যাচে ৯০টি উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় বর্তমানে সপ্তম স্থানে রয়েছেন তিনি। নিউজিল্যান্ডের সুইং সহায়ক উইকেটে ভুবি যদি নিজের চেনা ছন্দে বল করতে পারেন, তবে কিউই ব্যাটারদের জন্য তা যে মারাত্মক চ্যালেঞ্জের হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই।



