Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের ফুটবলারদের জন্য নতুন সংগঠন ‘ন্যাশনাল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন’ গড়তে উদ্যোগী হল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। এই সংগঠন তৈরির জন্য আগ্রহী ফুটবলারদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে ফেডারেশন। তবে এআইএফএফের এই উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কারণ, ভারতে ইতিমধ্যেই ফুটবলারদের নিজস্ব সংগঠন ‘ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ রয়েছে। নতুন সংগঠন তৈরির বিরোধিতা করে এবার আইনি পরামর্শ নেওয়ার পথে হাঁটছে তারা।
নতুন ক্রীড়া আইন মেনেই উদ্যোগ (AIFF)
নতুন জাতীয় ক্রীড়া আইন অনুযায়ী, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে ক্রীড়াবিদদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্যেই ফুটবলারদের জন্য একটি স্বতন্ত্র সংগঠন গড়ার উদ্যোগ নিয়েছে এআইএফএফ। ফেডারেশনের নতুন সংবিধান গৃহীত হওয়ার সময়ই ফুটবলারদের সংগঠন তৈরির বিষয়টি সামনে এসেছিল। সেই মতো এবার আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র আহ্বান করল সর্বভারতীয় ফুটবল সংস্থা।
আপত্তি এফপিএআইয়ের (AIFF)
এআইএফএফের এই পদক্ষেপে আপত্তি রয়েছে এফপিএআইয়ের। ২০০৬ সাল থেকে দেশের ফুটবলারদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে আসছে এই সংগঠন। আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ফিফপ্রোর স্বীকৃতিও রয়েছে তাদের। দীর্ঘদিন ধরে ফুটবলারদের স্বার্থরক্ষায় কাজ করা একটি সংগঠন থাকা সত্ত্বেও কেন নতুন করে আরেকটি সংগঠন তৈরি করা হবে, সেই প্রশ্ন তুলেছে এফপিএআই।
তাদের বক্তব্য, নতুন সংগঠন তৈরির পরিবর্তে এফপিএআইকেই ফুটবলারদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে স্বীকৃতি দিক ফেডারেশন। এই দাবি জানিয়ে অতীতেও এআইএফএফকে চিঠি দিয়েছিল তারা। কিন্তু ফেডারেশন সেই পথে হাঁটেনি। এবার নতুন করে আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি হওয়ায় বিতর্ক আরও বেড়েছে।
কারা আবেদন করতে পারবেন? (AIFF)
এআইএফএফের বিজ্ঞপ্তি অনুযায়ী, ন্যাশনাল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি, তাঁকে সিনিয়র অথবা বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা থাকতে হবে। বিকল্প হিসেবে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।
ফেডারেশনের তরফে জানানো হয়েছে, ৩১ অক্টোবরের মধ্যে যোগ্য ব্যক্তিদের নির্ধারিত ই-মেল ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে। আগের বিজ্ঞপ্তির ভিত্তিতে যাঁরা ইতিমধ্যেই আবেদন করেছিলেন, তাঁদের আবেদনও বিবেচনা করা হবে।
আইনি পরামর্শ নিচ্ছে এফপিএআই (AIFF)
ফেডারেশনের বিজ্ঞপ্তির খবর সামনে আসতেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এফপিএআইয়ের সভাপতি মেহরাজউদ্দিন ওয়াডু (AIFF)। প্রাক্তন ফুটবলার ও বর্তমানে ভারতের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের কোচ মেহরাজ জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার পরই পরবর্তী পদক্ষেপ করবেন তাঁরা।
আরও পড়ুন: India vs New Zealand: তিলক-নীতীশ ঝড়ে কিউয়ি বধ, সিরিজ জয়ের পথে ভারত
মেহরাজের কথায়, “আমি খবরটা শুনলেও পুরো বিষয়টি বিস্তারিত জানি না। আগে জানি, তারপর আমাদের আইনি পরামর্শ নিতে হবে। তারপর এই বিষয়ে কথা বলতে পারব। আমরা আগেই ফেডারেশনকে চিঠি দিয়েছিলাম আমাদের স্বীকৃতি দেওয়ার জন্য।”
বাড়ছে জটিলতা (AIFF)
একদিকে নতুন ক্রীড়া আইনের শর্ত মেনে ফুটবলারদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাইছে এআইএফএফ, অন্যদিকে দীর্ঘদিনের সংগঠন এফপিএআই নিজেদের স্বীকৃতির দাবিতে অনড়। ফলে জাতীয় স্তরে ফুটবলারদের প্রতিনিধিত্বকারী সংগঠন গঠন নিয়ে জটিলতা বাড়ছে। এবার আইনি পরামর্শ নেওয়ার পর এফপিএআই কী পদক্ষেপ করে, আর ফেডারেশন তাদের অবস্থান পরিবর্তন করে কি না, সেদিকেই নজর ফুটবল মহলের।



