Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল দুই দেশই। সেই দুই দলের ম্যাচ শেষ হল ১-১ অমীমাংসিত অবস্থায় (Czechia vs South Africa)।
দ্বিতীয়ার্ধে নজর কাড়ল দক্ষিণ আফ্রিকা (Czechia vs South Africa)
বিশ্বকাপ চলছে তার নিজের গতিতে। পাল্লা দিয়ে বাড়ছে সমর্থকদের উন্মাদনা। যে দলগুলিকে খাতায় কলমে ছোট দল মনে হচ্ছিল তাঁরাও এমন ফুটবল উপহার দিচ্ছে বিশ্ব ফুটবলকে যা দেখে অবাক হচ্ছেন সমর্থকরা। এই বিশ্বকাপ অঘটনের বিশ্বকাপ হওয়ার দিকেই যেন ক্রমে ক্রমে এগিয়ে চলেছে। কোনও ম্যাচে স্পেন আটকে যাচ্ছে আবার কোনও ম্যাচে রোনাল্ডোর পর্তুগাল। প্রত্যেক ম্যাচের পর হেডলাইনে জায়গা করে নিচ্ছে যে দলগুলিকে পিছিয়ে রাখা হচ্ছিল। এমন আবহেই মুখোমুখি হয় চেকিয়া এবং দক্ষিণ আফ্রিকা (Czechia vs South Africa)।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল এই দুই দেশই। সেই দক্ষিণ আফ্রিকা এবং চেকিয়া মুখোমুখি হয়েছিল বৃহস্পতিবার আর সেই ম্যাচ শেষে চর্চায় দক্ষিণ আফ্রিকা বাহিনী। দুই দলের ম্যাচ শেষ হল ১-১ অমীমাংসিত। ফলে পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে কেউ এগিয়ে বা পিছিয়ে থাকল না। প্রথমার্ধে টানটান ফুটবল না দেখা গেলেও, দ্বিতীয়ার্ধে মন জয় করে নিয়েছে দক্ষিণ আফ্রিকার খেলা।
ম্যাচের শুরু থেকে চেকিয়াকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। তুলনায় দক্ষিণ আফ্রিকার মধ্যে কিছুটা সাবধানি ভাব লক্ষ করা গিয়েছে এবং ঝুঁকি নিতে কমই দেখা যাচ্ছিল তাঁদের। যোগ্য দল হিসাবেই ছ’মিনিটে এগিয়ে যায় চেকিয়া আর সেই সময় চেকিয়া সমর্থকদের আনন্দ ছিল গ্যালারি জুড়ে। লম্বা থ্রো থেকে বল পেয়েছিলেন আলেকজান্ডার সোজকা। তাঁর থেকে বল পেয়ে বল জালে জড়িয়ে দেন মিকাল সাদিলেক (Czechia vs South Africa)।
গোলের পর বেশ কিছু ক্ষণ চাপ বজায় রেখেছিল চেকিয়া। দ্বিতীয় গোল তুলে নিতে পারত তারা কিন্তু দ্বিতীয় গোলের জন্য বাড়তি তাগিদ যেন ছিল না তাদের। তাদের খেলায় দেখা যায়নি গোলের খিদে। প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে দক্ষিণ আফ্রিকাকেও জিততে হত। কিন্তু তাদের খেলাতেও এমন কিছু দেখা যায়নি যাতে মনে হয়েছে জিততে পারে বিশেষ করে প্রথম অর্ধে। চেকিয়ার পায়ে বলের নিয়ন্ত্রণ ছিল বেশি। দক্ষিণ আফ্রিকা প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলছিল। কিন্তু সুযোগ তৈরি করার ব্যাপারে দুই দলই ছিল সমান জায়গায় বা বলা ভাল তিমিরেই আটকে ছিল। ফলে খুব একটা আকর্ষণীয় ফুটবল দেখা যায়নি।
আরও পড়ুন: Asit Majumdar: মামলা-মোকদ্দমার মাঝেই জেলা সভাপতির চেয়ারে অসিত মজুমদার
দ্বিতীয়ার্ধে বদলে যায় দক্ষিণ আফ্রিকার খেলা। অনেক বেশি আক্রমণে উঠতে থাকে তাঁরা। শুরুর দিকে তাল মেলাতে পারেনি চেকিয়া। সে সময় কয়েকটি সুযোগ তৈরি করেও দক্ষিণ আফ্রিকা অসফল থেকেছে। পাশাপাশি, যে চেকিয়া প্রথমার্ধে দাপট দেখাচ্ছিল তারাই এক সময় পিছু হটে দক্ষিণ আফ্রিকার আগ্রাসী মেজাজের সামনে।
শেষ মুহূর্তে আক্রমণ আরও বাড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। আর তখনই চলে আসে সুযোগ। বক্সের মধ্যে পাভেল সুলচের হাতে বল লাগে। পেনাল্টি থেকে তেবোহো মোকোয়েনা বল তিন কাঠিতে জড়িয়ে দিতে ভুল করেননি।
তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দলের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে, তাই এই ম্যাচের পর দক্ষিণ আফ্রিকা ও চেকিয়া দুই দলের কাছেই সুযোগ থাকল। বাকিটা নির্ভর করছে তৃতীয় ম্যাচের উপরে (Czechia vs South Africa)।


