Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল আজারবাইজান ২০২৬-এ জয়ের ধারা অব্যাহত রাখল ভারত (FIFA U15 World Cup)। রবিবার গ্রুপ কে-র দ্বিতীয় ম্যাচে ক্যামেরুনকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিল ভারতের অনূর্ধ্ব-১৫ দল। এই জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক জেনিত নিংথৌজাম। পেনাল্টি-সহ একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা নেন তিনি।
আত্মঘাতী গোলে এগিয়ে ভারত (FIFA U15 World Cup)
বাকুর হোভসান কমপ্লেক্সের পিচ ১বি-তে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভারত। প্রথম মিনিটে দীপক সিং আরামবামের কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন ক্যামেরুনের ফারেইল এনগোবো। সেই আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ব্লু কোল্টস।
রক্ষাকর্তা জেনিত (FIFA U15 World Cup)
প্রথমার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ক্যামেরুন। একের পর এক আক্রমণে ভারতের রক্ষণভাগকে চাপে ফেলে তারা। ১৪ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ভারত অধিনায়ক রালরেমরুয়াতফেলা। তবে তাঁর শট শেষ মুহূর্তে আটকে দেন ক্যামেরুনের এক ডিফেন্ডার।
আরও পড়ুন: East Bengal AFC: ওমানে আল সিবের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ইস্টবেঙ্গলের
এরপর ভারতীয় গোলরক্ষক জেনিত নিংথৌজাম একাধিকবার দলকে বিপদের হাত থেকে বাঁচান। ১৬ মিনিটে ক্যামেরুনের ফ্রি-কিক এবং পরের মিনিটে র্যান্ডি এনগোমের শট দক্ষতার সঙ্গে রুখে দেন তিনি। ১৮ মিনিটে নামদাম মোকতারের একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে নেওয়া শটও আটকে দেন জেনিত।
সমতা ফেরাল ক্যামেরুন (FIFA U15 World Cup)
ক্রমাগত আক্রমণের ফল পায় ক্যামেরুন। ২০ মিনিটে ডান দিক থেকে নামদাম মোকতারের ক্রস মহম্মদ সোহিল খানের গায়ে লেগে দিক পরিবর্তন করে ভারতের জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোলে স্কোরলাইন দাঁড়ায় ১-১। ফলে বিরতির আগে দুই দলই সমতায় ফেরে।
অধিনায়কের দুরন্ত ফিনিশ (FIFA U15 World Cup)
দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে মাঠে নামে ভারত। বিরতির সময় রোনানদেভ আহেইবামকে মাঠে নামান কোচ। ২৭ মিনিটে মাঝমাঠে বল দখল করে দীপকের উদ্দেশে বাড়িয়ে দেন তিনি। দীপকের নিচু ক্রস থেকে প্রথম ছোঁয়ায় বাঁ পায়ে দুরন্ত ফিনিশ করে ভারতকে ফের এগিয়ে দেন অধিনায়ক রালরেমরুয়াতফেলা। তাঁর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ব্লু কোল্টস।
পেনাল্টি রুখে ভারতের ত্রাতা জেনিত (FIFA U15 World Cup)
ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল ক্যামেরুন। ৩১ মিনিটে নারা মেইতেই লুশামবামের হাতে বল লাগায় পেনাল্টি পায় তারা। কিন্তু ৩২ মিনিটে হারুনা আবদুলায়ের স্পট-কিক আটকে দিয়ে ফের ভারতের ত্রাতা হয়ে ওঠেন জেনিত। তাঁর এই দুর্দান্ত সেভ ভারতের লিড ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল ভারত। ৩৩ মিনিটে রোনানদেভের জোরালো শট আটকে দেন ক্যামেরুনের গোলরক্ষক সানি-হ্যানসেল এনদেহ।
গ্রুপে একমাত্র দুই ম্যাচেই জয় ভারতের (FIFA U15 World Cup)
শেষ পর্যন্ত রক্ষণ সামলে ২-১ ব্যবধানের লিড ধরে রাখে ভারত (FIFA U15 World Cup)। ক্যামেরুনকে হারিয়ে গ্রুপ কে-তে টানা দ্বিতীয় জয় তুলে নিল ব্লু কোল্টস। এখনও পর্যন্ত গ্রুপে দুই ম্যাচেই জয় পেয়েছে একমাত্র ভারতীয় দল।
আরও পড়ুন: Mohun Bagan Jersey: নতুন হোম জার্সি প্রকাশ মোহনবাগানের
ভারতের পরবর্তী ম্যাচ গ্রেনাডার বিরুদ্ধে। রবিবার ভারতীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে মাঠে নামবে ব্লু কোল্টস। টানা জয়ের ছন্দ ধরে রেখে গ্রুপে নিজেদের অবস্থান আরও মজবুত করাই এখন লক্ষ্য ভারতের।



