Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ব্যালন ডি’অর জয়ের সংখ্যায় লিওনেল মেসি সবার উপরে (Ballon d’Or 2026)। কিন্তু সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী মরসুমের বিচারে আর্জেন্টাইন তারকাকে পিছনে ফেলে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভক্তদের ভোটে ব্যালন ডি’অর অর্গানাইজেশনের চালু করা ‘ব্যালন ডি’অর অফ অল টাইম’ বা B.O.A.T. পুরস্কার জিতে নিলেন পর্তুগিজ তারকা। তাঁর ২০০৮ সালের দুরন্ত মরসুমকেই সর্বকালের সেরা হিসেবে বেছে নিয়েছেন সমর্থকরা। পিছনে পড়ে গেল বার্সেলোনার জার্সিতে ২০১২ সালে মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স, যে বছরে ক্যালেন্ডার বর্ষে ৯১টি গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।
৭০ বছর পূর্তিতে বিশেষ উদ্যোগ (Ballon d’Or 2026)
ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে ফুটবলপ্রেমীদের সামনে তুলে ধরা হয় পুরস্কারের ইতিহাসে সেরা ব্যক্তিগত মরসুম বেছে নেওয়ার সুযোগ। অন্তত দু’বার ব্যালন ডি’অর জিতেছেন, এমন ফুটবলারদের সেরা মরসুমের মধ্যে চলে ভোটাভুটি। তবে B.O.A.T. পুরস্কারকে ‘সুপার ব্যালন ডি’অর’-এর সঙ্গে এক করে দেখার সুযোগ নেই। দুটি সম্পূর্ণ আলাদা স্বীকৃতি।
২০০৮ সালে রোনাল্ডোর সেরা মরসুম (Ballon d’Or 2026)
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ২০০৮ সাল ছিল রোনাল্ডোর কেরিয়ারের অন্যতম সেরা সময়। তাঁর দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে প্রিমিয়ার লিগের পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিল ইংল্যান্ডের ক্লাবটি। ব্যক্তিগত পরিসংখ্যানেও নজর কেড়েছিলেন পর্তুগিজ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছিলেন ৪২টি গোল, সঙ্গে ছিল আটটি অ্যাসিস্ট। মাঠে তাঁর গতি, ড্রিবলিং, গোল করার ক্ষমতা এবং বড় ম্যাচে পারফর্ম করার দক্ষতা সে বছর তাঁকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল।
সবেতেই সেরা রোনাল্ডো (Ballon d’Or 2026)
২০০৮ সালে শুধু দলগত সাফল্যেই থেমে থাকেননি রোনাল্ডো। একের পর এক ব্যক্তিগত পুরস্কারও উঠেছিল তাঁর হাতে। প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট এবং চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার সম্মান জেতার পাশাপাশি ইউরোপিয়ান গোল্ডেন শুও পেয়েছিলেন তিনি। সেই মরশুমে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়, পিএফএ প্লেয়ার্স’ প্লেয়ার অফ দ্য ইয়ার, এফডব্লিউএ ফুটবলার অফ দ্য ইয়ার, উয়েফার বর্ষসেরা ক্লাব ফুটবলার এবং ফিফার ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ারের মতো সম্মানও জিতেছিলেন পর্তুগিজ তারকা। সব মিলিয়ে ২০০৮ সালের রোনাল্ডো ছিলেন কার্যত অপ্রতিরোধ্য।
মেসি-রোনাল্ডোর আধিপত্য (Ballon d’Or 2026)
B.O.A.T. পুরস্কারের সেরা দশ মরসুমের তালিকাতেও দেখা গিয়েছে মেসি ও রোনাল্ডোর একচ্ছত্র আধিপত্য। তালিকার প্রতিটি স্থানই দখল করেছেন এই দুই মহাতারকা। রোনাল্ডোর পাঁচটি সেরা মরশুম হিসেবে বেছে নেওয়া হয়েছে ২০০৮, ২০১৭, ২০১৬, ২০১৪ এবং ২০১৩ সালকে। অন্যদিকে মেসির নির্বাচিত পাঁচটি মরশুম হল ২০১২, ২০২৩, ২০১৫, ২০১১ এবং ২০০৯ সাল।
আরও পড়ুন: Bengal Ranji Trophy: জয়ের দোরগোড়ায় বাংলা, হ্যাটট্রিকের হাতছানি অভিমন্যুদের
মেসি এগিয়ে, বাজিমাত রোনাল্ডোর (Ballon d’Or 2026)
ব্যালন ডি’অর জয়ের সংখ্যায় মেসি ও রোনাল্ডোর মধ্যে ব্যবধান থাকলেও, এই বিশেষ ভোটে রোনাল্ডোর ২০০৮ সালের পারফরম্যান্সই সেরার স্বীকৃতি পেয়েছে (Ballon d’Or 2026)। মেসির ২০১২ সালের ৯১ গোলের অবিশ্বাস্য কীর্তিও টপকাতে পারেনি রোনাল্ডোর সেই মরশুমকে। তবে এই নির্বাচন ভক্তদের ভোটের ভিত্তিতে হওয়ায়, তা মূলত ফুটবলপ্রেমীদের পছন্দ ও মূল্যায়নের প্রতিফলন। দুই কিংবদন্তির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতায় নতুন সংযোজন হয়ে থাকল এই B.O.A.T. পুরস্কার।



