Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানিস্তান ক্রিকেটে নেমে এসেছে (Shapoor Zadran Death) গভীর শোকের ছায়া। প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন বাঁহাতি বোলার শাপুর জাদরান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। দীর্ঘদিন ধরে বিরল ও প্রাণঘাতী রোগ হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (HLH)-এ ভুগছিলেন তিনি। চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আফগান ক্রিকেটের এই পথিকৃৎ।
রোগের সঙ্গে লড়াইয়ে হার মানলেন (Shapoor Zadran Death)
জানা গিয়েছে, গত বছরের শেষ দিকে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসকদের (Shapoor Zadran Death) পরামর্শে ভারতে আসেন শাপুর। প্রথমে কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরে আবার শারীরিক অবস্থার অবনতি হয়। হাই ফিভার, ডেঙ্গু সংক্রমণ এবং রক্তের লোহিত কণিকার সংখ্যা দ্রুত কমে যাওয়ার পর একাধিক পরীক্ষায় তাঁর শরীরে চতুর্থ পর্যায়ের HLH ধরা পড়ে। শেষ পর্যন্ত সেই রোগের সঙ্গেই লড়াইয়ে হার মানতে হয় তাঁকে।
মৃত্যুর খবর নিশ্চিত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের
শাপুর জাদরানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, আফগান ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে শাপুরের অবদান কখনও ভোলার নয়। তিনি ছিলেন সেই ক্রিকেটারদের অন্যতম, যাঁরা কঠিন সময়ে আফগানিস্তান ক্রিকেটের ভিত গড়ে তুলেছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ওয়ানডে অভিষেকেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন শাপুর। ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি অপরাজিত ১২ রান করে দলকে ঐতিহাসিক জয় এনে দেন। সেই বিশ্বকাপে ১০ উইকেট নিয়ে আফগানিস্তানের সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন তিনি।
নিজের ক্রিকেটজীবনে মোট ৮০টি আন্তর্জাতিক উইকেট নেন শাপুর জাদরান। মাঠে তাঁর লম্বা চুল উড়িয়ে দৌড়ে এসে বল করার দৃশ্য আজও বহু ক্রিকেটপ্রেমীর মনে অমলিন। তাঁর প্রয়াণে শুধু আফগানিস্তান নয়, গোটা ক্রিকেট বিশ্ব হারাল এক অনুপ্রেরণাদায়ক যোদ্ধাকে।


