Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের দুই প্রান্তে পরপর দুটি দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে (Cooch Behar)। একদিকে কোচবিহারের মাথাভাঙায় পণ্যবোঝাই ভারী ট্রাকের চাপেই ভেঙে পড়ল সেতুর মাঝের অংশ। অন্যদিকে পূর্ব বর্ধমানে রাস্তায় চলে আসা সাপকে বাঁচাতে গিয়ে কন্টেনার হঠাৎ ব্রেক কষায় তার পিছনে থাকা সরকারি বাস গিয়ে ধাক্কা মারে। দুটি ঘটনাতেই প্রশ্ন উঠেছে রাস্তার নিরাপত্তা এবং পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ নিয়ে।

ট্রাক উঠতেই হুড়মুড়িয়ে ভাঙল সেতু (Cooch Behar)
কোচবিহারের মাথাভাঙা-২ ব্লকের উনিশ বিশা গ্রাম পঞ্চায়েত এলাকায় আচমকাই ভেঙে পড়ে একটি সেতু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পণ্যবোঝাই ভারী ট্রাক সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বিকট শব্দে সেতুর মাঝের অংশ ভেঙে নিচের দিকে বসে যায়। ফলে মাঝপথেই বিপজ্জনকভাবে আটকে পড়ে ট্রাকটি।
সেতু ভেঙে পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়। ওই রুটে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ, সকলেই সমস্যায় পড়েছেন। প্রাথমিকভাবে অতিরিক্ত ওজনের ট্রাক চলাচল, সেতুর বহনক্ষমতা কিংবা দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের ঘাটতি—কোন কারণে এই বিপর্যয় ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।
বর্ধমানে সাপ বাঁচাতে গিয়ে ভয়াবহ ধাক্কা (Cooch Behar)
অন্যদিকে পূর্ব বর্ধমানের ভাতাড়ের আলিনগরে ভয়াবহ বাস দুর্ঘটনা। বাদশাহী রোড ধরে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি কন্টেনার। আচমকাই রাস্তার উপর একটি সাপ চলে আসায় সেটিকে বাঁচাতে চালক আচমকা ব্রেক কষেন। সেই সময় কন্টেনারের পিছনে থাকা দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার যাত্রীবোঝাই সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে কন্টেনারের পিছনে ধাক্কা মারে।
আরও পড়ুন: North Bengal: ভুটানের বিপর্যয়ের প্রভাব সংকোশে, মরা মাছ ঘিরে আতঙ্ক
আহত ১০, হাসপাতালে চিকিৎসাধীন
দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন। আচমকা ব্রেক কষার পর পিছনে থাকা বাসটি কেন সময়মতো নিয়ন্ত্রণে আনা গেল না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।



