Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘মুরাসু’ (Murasu Cyclone) ক্রমশ শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। সম্ভাব্য ল্যান্ডফলের সময় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ১২০ কিলোমিটার পর্যন্ত। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা।
নামের পেছনে ইতিহাস (Murasu Cyclone)
‘মুরাসু’ নামটির পিছনেও রয়েছে বিশেষ (Murasu Cyclone) ইতিহাস। এটি তামিল সংস্কৃতির সঙ্গে যুক্ত ঢাকের মতো একটি প্রাচীন বাদ্যযন্ত্র। অতীতে এই বাদ্যযন্ত্র বাজিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হত। চেন্নাইয়ের আবহাওয়া কেন্দ্রের প্রাক্তন প্রধান এস বালাচন্দ্রনের উদ্যোগে নামটি ঘূর্ণিঝড়ের তালিকায় অন্তর্ভুক্ত হয়। উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরুর পর এই প্রথম তামিল ভাষা থেকে কোনও নাম নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস
ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা না থাকলেও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
আরও পড়ুন: Delhi Air Quality: বৃষ্টিতে মিলেছিল স্বস্তি, দীপাবলির মুখে ফের দূষণের চাদরে ঢাকল দিল্লি
এদিকে বুধবার পর্যন্ত পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সতর্কতা জারি রয়েছে।


