Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এটাই প্রথম কালীপুজো (Kali Puja 2026)। দুর্গাপুজোয় চোরবাগান-কাণ্ডের পর কালীপুজো ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতাও এবার বাড়তি। শহর ও শহরতলির বিভিন্ন প্রান্তে যখন জোরকদমে প্রস্তুতি চলছে, তখন নিউটাউনকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ আকর্ষণ। বারাসত কিংবা শহরতলির বড় পুজোগুলিকে টেক্কা দিতে এবার অভিনব আয়োজনের পথে নিউটাউন সনাতনী দুর্গাপুজো কমিটি।
কালীপুজোয় বড় চমক নিউটাউনে (Kali Puja 2026)
নিউটাউন মেলা প্রাঙ্গনে ৮ ও ৯ নভেম্বর জুড়ে হবে বিশেষ দীপাবলি উৎসব। উদ্যোক্তাদের দাবি, একইসঙ্গে ১ লক্ষ ১১ হাজার ১১১টি প্রদীপ জ্বালিয়ে বাংলার অন্যতম বৃহৎ দীপাবলির আয়োজন করা হবে। কালীপুজোর পাশাপাশি আলোর উৎসবে সেজে উঠবে গোটা প্রাঙ্গন। ফলে পুজোর আবহের সঙ্গে মিলবে এক বিশাল আলোকোৎসবের আমেজ।
৮ নভেম্বর কালীপুজো, পরদিন আতসবাজির প্রদর্শনী (Kali Puja 2026)
পুজো উদ্যোক্তা বরুণ বিশ্বাস জানিয়েছেন, ৮ নভেম্বর আড়ম্বরের সঙ্গে কালীপুজো অনুষ্ঠিত হবে। পরদিন, অর্থাৎ ৯ নভেম্বর থাকছে বিশেষ আতসবাজির প্রদর্শনী। তবে পরিবেশের কথা মাথায় রেখে সেখানে পরিবেশবান্ধব বাজিই ব্যবহার করা হবে বলে উদ্যোক্তাদের দাবি। অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতির সম্ভাবনাও রয়েছে।
অতীতের বাধা পেরিয়ে বদলের বাংলায় উৎসব (Kali Puja 2026)
নিউটাউন সনাতনী দুর্গাপুজো কমিটির সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক দীর্ঘদিনের। উদ্যোক্তাদের অভিযোগ, পূর্বতন সরকারের আমলে ‘সনাতনী’ শব্দকে ঘিরে আপত্তির কারণে পুজোর আয়োজন করতে একাধিক বাধার মুখে পড়তে হয়েছিল। এমনকী পুজোর অনুমতির জন্য হাই কোর্টের দ্বারস্থও হতে হয়েছিল কমিটিকে।
আরও পড়ুন: Government Job: রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের পাশে রাজ্য, মিলবে গ্রুপ-ডি চাকরি
দুর্গাপুজোর পর এবার শক্তিপুজোয় নজর
সরকার বদলের পর নিউটাউনে ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করেছিল এই কমিটি। এবার সেই ধারাবাহিকতাতেই কালীপুজোকেও আরও বড় আকারে তুলে ধরার প্রস্তুতি। উদ্যোক্তাদের দাবি, পশ্চিমবঙ্গে আগে এমন আয়োজন দেখা যায়নি। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই অনুষ্ঠান হচ্ছে বলে দাবি করে তাঁকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও রয়েছে।



