Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশে ফের রাজপথে শ্রমিক বিক্ষোভ। বর্তমান ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, বাড়িভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পথে নেমেছেন হাজার হাজার পোশাকশ্রমিক। তাঁদের মূল দাবি, বর্তমানে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি কাঠামো বদলে তা অন্তত ৩০ হাজার টাকা করতে হবে (Bangladesh)।

ঢাকা থেকে গাজীপুর, আশুলিয়ায় অশান্তি (Bangladesh)
রবিবার সকাল থেকেই ঢাকা ও সংলগ্ন গাজীপুর এবং আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে আন্দোলনে শামিল হন শ্রমিকেরা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। কোথাও কোথাও ইটপাটকেল ছোড়া, ভাঙচুর এবং যান চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া যায়। এর ফলে গোটা শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবারেও থামেনি আন্দোলন (Bangladesh)
রবিবারের পর সোমবারও অব্যাহত থাকে শ্রমিকদের বিক্ষোভ। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ এবং চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। বেলা ১১টার দিকে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার পাশাপাশি ইট ছোড়ার ঘটনাও ঘটে। গাজীপুরে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। আন্দোলনের জেরে একাধিক পোশাক কারখানা বন্ধ রাখা হয়।
আরও পড়ুন: Government Job: রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের পাশে রাজ্য, মিলবে গ্রুপ-ডি চাকরি
অস্থিরতার নেপথ্যে ‘প্রাক্তন’ মন্ত্রী-বিধায়ক?
পরিস্থিতি নিয়ে নড়েচড়ে বসেছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতাদের সঙ্গে বৈঠক করেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। বৈঠকের পর মন্ত্রী সালাহউদ্দিন অভিযোগ করেন, আগের সরকারের কয়েকজন প্রাক্তন সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রী এই অস্থিরতার নেপথ্যে রয়েছেন। তাঁর দাবি, এ বিষয়ে সরকারের কাছে তথ্য রয়েছে এবং বিষয়টি তদন্তে উঠে এসেছে।



