Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএলে (IPL) ব্যাট-বলের লড়াই শুরু হতে এখনও ঢের দেরি। কিন্তু তার আগেই মাঠের বাইরে শুরু হয়ে গিয়েছে টাকার খেলা! নিলামের হাতুড়ি পড়ার আগেই নিজেদের দাম বাড়াতে কোমর বেঁধেছেন কয়েকজন তারকা ক্রিকেটার। সূত্রের খবর, পুরনো ফ্র্যাঞ্চাইজিতে থেকে যাওয়ার জন্য কেউ কেউ নাকি রিটেনশন ফি হিসেবে ৪০ কোটি টাকা দাবি করছেন। অর্থাৎ, দল ধরে রাখতে গেলেও এবার ফ্র্যাঞ্চাইজিগুলিকে পকেটের জোর দেখাতে হতে পারে! ২০২৭ সালের মিনি নিলামের আগে এমন খবর সামনে আসতেই ক্রিকেটমহলে শুরু হয়েছে জোর চর্চা।
ক্রিকেটারদের দর শুনে মাথায় হাত ফ্র্যাঞ্চাইজির? (IPL)
২০২৭ সালের আইপিএল হতে চলেছে শেষ মিনি নিলাম। এরপর ২০২৮ সালের আইপিএলের আগে বসবে মেগা নিলামের আসর। আর সেই বড় নিলামের কথা মাথায় রেখেই এখন থেকেই নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এর মধ্যেই একটি রিপোর্টে দাবি করা হয়েছে, কয়েকজন তারকা ক্রিকেটার তাঁদের পুরনো দলে থাকার বিনিময়ে ৪০ কোটি টাকা পারিশ্রমিক চাইছেন। শুধু তাই নয়, আরও কয়েকজন ক্রিকেটারও একই পথে হাঁটতে পারেন বলে জল্পনা।
অর্থাৎ, নিলামে নিজেদের জন্য বড় অঙ্কের দর উঠতে পারে বলে যাঁদের বিশ্বাস, তাঁরা আগেভাগেই ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে নিজেদের দাম বুঝিয়ে দিতে চাইছেন। তবে এই দাবি কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে সংশয় থাকছেই। কারণ, ৪০ কোটি টাকা একজন ক্রিকেটারের পিছনে খরচ করা মানে দলের বাকি পরিকল্পনায় বড়সড় কাটছাঁট করতে হতে পারে।
ঋষভ পন্থের ২৭ কোটি ছাড়িয়ে যাবে ৪০? (IPL)
আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত নিলামে কোনও ক্রিকেটারের জন্য সর্বোচ্চ দর উঠেছিল ২৭ কোটি টাকা। ২০২৫ সালের নিলামে ঋষভ পন্থকে এই অঙ্কে কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। সেই নজিরকেও এবার ছাপিয়ে যাওয়ার দাবি উঠছে রিটেনশনের বাজারে! যদিও নিলামের দর আর রিটেনশন ফি এক বিষয় নয়, তবু ৪০ কোটির অঙ্ক যে ফ্র্যাঞ্চাইজিগুলির হিসাব ওলটপালট করে দিতে পারে, তা বলাই যায়।
বর্তমানে আইপিএলের প্রতিটি দলের মোট পার্স ১২০ কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী, ২০২৮ সালের মেগা নিলামের আগে তা বেড়ে প্রায় ১৫০ কোটি টাকা হতে পারে। ফলে ক্রিকেটারদের পারিশ্রমিকের অঙ্ক আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে পার্স বাড়লেও ৪০ কোটির দাবি মেনে নেওয়া যে সহজ হবে না, তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই!
১৭ নভেম্বরের মধ্যে রিটেনশন তালিকা (IPL)
এদিকে ২০২৭ সালের মিনি নিলামের আগে রিটেন ও রিলিজ তালিকা জমা দেওয়ার সময়সীমা আরও দু’দিন বাড়িয়েছে আইপিএল কর্তৃপক্ষ। ১০টি ফ্র্যাঞ্চাইজিকে আগামী ১৭ নভেম্বরের মধ্যে নিজেদের চূড়ান্ত তালিকা জমা দিতে হবে। আগে এই সময়সীমা ছিল ১৫ নভেম্বর। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে মিনি নিলামের আসর।
রিটেন ও রিলিজ তালিকা জমা পড়ার পর ফ্র্যাঞ্চাইজিগুলিকে ক্রিকেটারদের তালিকা পাঠানো হবে। সেখান থেকে নিজেদের পছন্দের খেলোয়াড়দের বেছে নেবে দলগুলি। নিলামের এক সপ্তাহ আগে চূড়ান্ত তালিকা এবং ক্রিকেটারদের নিলামে ওঠার ক্রম প্রকাশ করা হবে।
নিলামের আগেই জোড়া ট্রেডে চমক (IPL)
নিলামের আগে অবশ্য দলবদলের বাজারেও কম নাটক হয়নি (IPL)। ইতিমধ্যেই দুটি গুরুত্বপূর্ণ ট্রেড সম্পন্ন হয়েছে। সবচেয়ে বড় চমক, প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থকে লখনউ সুপার জায়ান্টস থেকে নিজেদের দলে ফিরিয়ে এনেছে দিল্লি ক্যাপিটালস। এই লেনদেনে লখনউয়ে যোগ দিয়েছেন বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদব।
আরও পড়ুন: Cristiano Ronaldo: রোনাল্ডোর অবসর নিয়ে কী বললেন পর্তুগাল কোচ জর্জ জেসুস?
অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের পেসার টি নটরাজন যোগ দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদে। তাঁর পরিবর্তে দিল্লিতে এসেছেন লেগ স্পিনার জিশান আনসারি। সব মিলিয়ে মিনি নিলামের আগেই দলগুলির ঘর গোছানোর কাজ শুরু হয়ে গিয়েছে। তবে ৪০ কোটির রিটেনশন দাবির খবর সত্যি হলে, আগামী মেগা নিলামে ক্রিকেটারদের দরদাম যে নতুন উচ্চতায় পৌঁছতে পারে, তা নিয়ে সন্দেহ নেই। তখন ফ্র্যাঞ্চাইজিগুলির সামনে প্রশ্ন একটাই—তারকাকে ধরে রাখবে, নাকি বাকি দলটাও তৈরি করবে?



