Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মেয়ের বিয়ে বলে কথা! (Anant Singhs Daughter Wedding) আয়োজনেও থাকছে রাজকীয় চমক। চার লক্ষ মানুষের খাওয়াদাওয়া, বিদেশি ফুলে সাজবে বিয়েবাড়ি, ঘোড়দৌড়ের প্রতিযোগিতায় বিজয়ীর হাতে উঠবে মহিন্দ্রা থর। দ্বিতীয় স্থানাধিকারীর জন্য থাকছে মোটরবাইক। বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের ছোট মেয়ের বিয়ের আয়োজন ঘিরে এখন জোর চর্চা। তবে সব আয়োজন ছাপিয়ে নজর কেড়েছে তাঁর আমন্ত্রণের তালিকা। সেখানে জায়গা পেয়েছে পাকিস্তানও।
কাদের নিমন্ত্রণ? (Anant Singhs Daughter Wedding)
অনন্ত সিং (Anant Singhs Daughter Wedding) জানিয়েছেন, তাঁর বন্ধু, পরিচিত এবং শুভাকাঙ্ক্ষীরা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, তাঁদের সকলকেই বিয়েতে আমন্ত্রণ জানানো হচ্ছে। সাংবাদিকদের সামনে তিনি বলেন, “হিন্দুস্তান-পাকিস্তান, যেখান থেকেই আসতে চান, আসুন। সকলকে স্বাগত।” রাজনৈতিক মতাদর্শের পার্থক্যকে পারিবারিক অনুষ্ঠানের মধ্যে আনতে নারাজ তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদবকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
এলাহী আয়োজন
আগামী ২৫ নভেম্বর অনন্তের ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে বিয়ে ঋষিকেশ কুমারের। পাত্রের বাড়ি পাটনার বিহতার কৃষ্ণনগরে। নাদওয়া-লদমায় প্রায় ১০ বিঘা জমিতে তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল। একই দিনে ছেলে অভিনবের উপনয়ন অনুষ্ঠানও রয়েছে। দুই অনুষ্ঠান মিলিয়ে প্রায় চার লক্ষ মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ২০ নভেম্বর তিলক ও ফলদানের অনুষ্ঠান হওয়ার কথা।
বিয়ের উৎসবে ঘোড়দৌড়ের আয়োজনও থাকছে। প্রথম পুরস্কার মহিন্দ্রা থর, দ্বিতীয় পুরস্কার মোটরবাইক। তবে বাজি পোড়ানো হবে না বলে জানিয়েছেন অনন্ত। এর মধ্যেই রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জও রয়েছে তাঁর সামনে। জেডিইউ থেকে বহিষ্কৃত হওয়ার পাশাপাশি দুলারচাঁদ যাদব হত্যা মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে ১ ডিসেম্বর আত্মসমর্পণ করতে হবে তাঁকে।


