Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সেঞ্চুরি করার আনন্দই আলাদা (U19 Asia Cup)। আর সেই শতরান যদি আসে ভারতের বিরুদ্ধে দলকে জিতিয়ে, তাহলে উদযাপনের মাত্রা যে অন্যরকম হবে, সেটাই স্বাভাবিক। রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ঠিক তেমনই নজর কাড়লেন পাকিস্তানের তরুণ ব্যাটার হামজা জহুর। শেষ শটে তিন অঙ্কের রান পূর্ণ করে দলকে জয় এনে দেওয়ার পরই শুরু হয় তাঁর বিশেষ সেলিব্রেশন। পকেট থেকে বের করে আনেন একটি চিরকুট। ক্যামেরার সামনে তুলে ধরেন নিজের লেখা সেই বার্তা।
লিখেছিলেন সেঞ্চুরির স্বপ্ন (U19 Asia Cup)
কী লেখা ছিল সেই চিরকুটে? ম্যাচে নামার আগেই নিজের লক্ষ্য ঠিক করে রেখেছিলেন হামজা। কাগজে লিখেছিলেন, এই ম্যাচে ৫০ রান করবেন তিনি। সেই বার্তাই ম্যাচের পর প্রকাশ্যে আনেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার। চিরকুটে লেখা ছিল, ‘আগামিকালের ম্যাচে ৫০ রান করব, ইনশাআল্লাহ। হামজা জহুর। আমিই সেরা।’ অর্থাৎ, নিজের লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গেলেন তিনি। ম্যাচের পর এই দুরন্ত ইনিংস ভাইকে উৎসর্গ করেন হামজা।
আর্যবীর-অন্বয় ব্যর্থ (U19 Asia Cup)
প্রথমে ব্যাট করে পাকিস্তানের বিরুদ্ধে ২০৮ রান তোলে ভারত। নজর ছিল বীরেন্দ্র শেহওয়াগ-পুত্র আর্যবীর এবং রাহুল দ্রাবিড়-পুত্র অন্বয়ের দিকে। কিন্তু দু’জনেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। আর্যবীরের সংগ্রহ ২২ রান, অন্বয় করেন মাত্র ১০। ভারতকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন অর্জুন রাজপুত। তাঁর দুরন্ত ১০৭ রানের ইনিংসের সৌজন্যেই ২০৮ রানের পুঁজি পায় ভারত।
ঘুরে দাঁড়াল পাকিস্তান (U19 Asia Cup)
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৫ ওভারের মধ্যেই ৬১ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকেই পালটা লড়াই শুরু করেন হামজা। হুসনাইন আব্বাস দারের সঙ্গে ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান তিনি। পরিস্থিতি বুঝে কখনও বাউন্ডারি, কখনও বড় শট খেলে ভারতীয় বোলারদের উপর চাপ তৈরি করেন তরুণ ব্যাটার।
১০৮ বলে শতরান (U19 Asia Cup)
এর পর নিচের সারির ব্যাটারদের সঙ্গে নিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান হামজা। শেষ পর্যন্ত ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ১০৮ বলে নিজের শতরান পূর্ণ করেন তিনি। ম্যাচের পর হামজা বলেন, “ডাগআউট থেকে আমাকে বার্তা দেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত ক্রিজে থাকতে হবে। সেই কথাটাই মাথায় ছিল। শেষ পর্যন্ত ব্যাট করে দলের জন্য ম্যাচ জেতানোই ছিল লক্ষ্য।”
আরও পড়ুন: Rohit Sharma: হার্দিকের বিদায়, মুম্বইয়ের ক্যাপ্টেন হচ্ছেন রোহিত? বড় ইঙ্গিত!
সতীর্থের প্রশংসায় পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফও। তাঁর কথায়, “চাপের মুখে ওর এমন ইনিংসে একেবারেই অবাক নই। হামজার দক্ষতা সম্পর্কে জানি। পরিস্থিতি বুঝে যেভাবে ব্যাট করেছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।”
নামের মিলেই ‘ধুরন্ধর’ তকমা! (U19 Asia Cup)
উল্লেখ্য, ‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিংয়ের অভিনীত চরিত্রের নাম ছিল হামজা আলি মাজার। আর ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরান করা পাকিস্তানি ক্রিকেটারের নামও হামজা(U19 Asia Cup)। সেই নামের মিল থেকেই সমাজমাধ্যমে তাঁকে পাকিস্তানের ‘ধুরন্ধর’ ক্রিকেটার বলে আখ্যা দিচ্ছেন নেটিজেনদের একাংশ। তবে সিনেমার চরিত্রের সঙ্গে নামের মিল ছাপিয়ে এদিন মাঠের পারফরম্যান্সেই নিজের পরিচিতি তৈরি করলেন হামজা জহুর।



