Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় কালীপুজোর আনন্দ-উৎসবের পর এবার শুরু প্রতিমা বিসর্জনের পালা (Kali Puja 2026)। বিসর্জন পর্বে যাতে কোনওরকম বিশৃঙ্খলা বা নাগরিক পরিষেবায় বিঘ্ন না ঘটে, তার জন্য আগাম বিশেষ প্রস্তুতি নিয়েছে কলকাতা পুরসভা। শহরের গঙ্গার ঘাট থেকে শুরু করে আদিগঙ্গা এবং বিভিন্ন পুকুর ও জলাশয়—সব জায়গাতেই নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলো, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে জরুরি পরিস্থিতি মোকাবিলা, প্রতিটি ক্ষেত্রেই বিশেষ নজরদারির পরিকল্পনা করা হয়েছে।
৩৩টি ঘাটে বিসর্জনের ব্যবস্থা (Kali Puja 2026)
কলকাতা পুরসভার প্রকাশিত ‘Civic Arrangements During Kali Puja 2026’ শীর্ষক নির্দেশিকা অনুযায়ী, ৮ নভেম্বর, রবিবার পালিত হয়েছে কালীপুজো। ৯ নভেম্বর, সোমবার থেকে ১২ নভেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত চলবে প্রতিমা বিসর্জন। পুরসভার তথ্য অনুযায়ী, এবছর কলকাতা পুলিশের অনুমতি পেয়েছে মোট ৩৪০০টি কালীপুজো। সেই বিপুল সংখ্যক প্রতিমা বিসর্জনের জন্য শহরে চিহ্নিত করা হয়েছে মোট ৩৩টি ঘাট। এর মধ্যে হুগলি নদীর তীরে রয়েছে ২১টি ঘাট, আদিগঙ্গায় রয়েছে ৩টি এবং শহরের বিভিন্ন পুকুর ও জলাশয়ে রয়েছে আরও ৯টি বিসর্জনস্থল। ফলে বিসর্জনের দিনগুলিতে এই সমস্ত জায়গায় বাড়তি চাপ সামলাতে প্রস্তুত পুর প্রশাসন।
পরিচ্ছন্নতা থেকে আলো (Kali Puja 2026)
বিসর্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কলকাতা পুরসভার একাধিক বিভাগের আধিকারিক ও কর্মীদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। পার্ক, স্কোয়ার ও ঘাট বিভাগ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, আলো, স্বাস্থ্য, জল সরবরাহ, রাস্তা এবং সিভিল বিভাগের কর্মীরা নির্দিষ্ট দায়িত্ব পালন করবেন।
বিশেষ করে বিসর্জনের পর ঘাটগুলিতে জমে থাকা বর্জ্য দ্রুত সরিয়ে ফেলা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার উপরে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার নির্দেশও দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিসর্জনস্থলগুলিতে বসানো হবে বায়ো-টয়লেট, যাতে প্রতিমা বিসর্জনে আসা সাধারণ মানুষকে কোনও অসুবিধার মুখে পড়তে না হয়।
আরও পড়ুন: Police Encounter: নতুন সরকারের এনকাউন্টার নীতিতে কি সায় প্রাক্তন পুলিশকর্তার? কী বললেন শশাঙ্ক সিংহ?
জরুরি পরিস্থিতি মোকাবিলায় চালু কন্ট্রোল রুম
বিসর্জন পর্বে কোনওরকম দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতি এড়াতে বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। ঘাটগুলিতে সিনিয়র আধিকারিক ও পুরকর্মীদের মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিষেবা সচল রাখতেও তৈরি হয়েছে বিশেষ ডিউটি রোস্টার। এছাড়া যে কোনও প্রয়োজনে সাধারণ মানুষের সুবিধার্থে চালু থাকছে কলকাতা পুরসভার কন্ট্রোল রুম। সদর দফতরের কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২২৮৬-১২১২, ১৩১৩ এবং ১৪১৪। মোবাইল নম্বর ৯৮৩০৩-২৪৩৩০।



