Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তিলোত্তমার পুলিশ প্রশাসনে নজিরবিহীন ঐতিহাসিক সিদ্ধান্ত। দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পুলিশের দুটি ‘জেনারেল’ বা সাধারণ থানার শীর্ষ পদের দায়িত্ব তুলে দেওয়া হল দুই মহিলা পুলিশ আধিকারিকের হাতে। লালবাজার সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পুলিশ কমিশনার জনস্বার্থে বিশেষ নির্দেশিকা জারি করেছেন। এই নির্দেশিকা অনুযায়ী, ওএসআই এবং অ্যাডিশনাল ওসি পদমর্যাদার মোট ৩৩ জন ইন্সপেক্টরকে অবিলম্বে বদলি করা হয়েছে। পুলিশ প্রশাসনকে আরও গতিশীল, কার্যকর এবং প্রশাসনিক কাজে গতি আনতেই এই মেগা রদবদল বলে জানা গেছে (Kolkata Police)।

কলকাতার দুই থানায় মহিলা ওসি (Kolkata Police)
রদবদলের সবচেয়ে বড় চমক শহরের দুই ‘জেনারেল’ থানায় মহিলা ওসি নিয়োগ। এর আগে ২০১০ সালে শেষবার কলকাতার কোনও সাধারণ থানায় মহিলা ওসি দেখা গিয়েছিল। ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত কোনও মহিলা আধিকারিককে গোটা থানার দায়িত্ব দেওয়া হয়নি। এবার সেই খরা কাটল। উত্তর কলকাতার সিঁথি থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন চামেলি মুখোপাধ্যায়, যিনি এর আগে উল্টোডাঙা মহিলা থানার ওসির দায়িত্বে ছিলেন। দক্ষিণ কলকাতার সরশুনা থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে রূপা সিংকে। তিনি এতদিন টালিগঞ্জ মহিলা থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। দুই অভিজ্ঞ আধিকারিক সাধারণ থানায় চলে যাওয়ায় খালি হওয়া টালিগঞ্জ ও উল্টোডাঙা মহিলা থানায় ইতি নাহা এবং অনামিকা চক্রবর্তীকে নতুন ওসি করা হয়েছে।
আরও পড়ুন: Joka Metro: জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে ঐতিহাসিক মাইলফলক
মহিলা ওসির পাশাপাশি কলকাতার একাধিক হেভিওয়েট ও হাই-প্রোফাইল থানাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। ভবানীপুর থানার বর্তমান ওসি সৌমিত্র বসুকে স্পেশাল টাস্ক ফোর্সে (STF) পাঠানো হয়েছে এবং তাঁর জায়গায় আসছেন রাজীব চট্টোপাধ্যায়। পার্ক স্ট্রিট থানার ওসি নীলকণ্ঠ রায়কে লালবাজারের ডিটেক্টিভ ডিপার্টমেন্টে (DD) বদলি করে তাঁর জায়গায় আনা হচ্ছে অমিত কুমার চট্টোপাধ্যায়কে।
আরও পড়ুন: Maharashtra: বন্যার জলে ভেসে গেল ৩ হাজার এলপিজি সিলিন্ডার
কসবা ও গড়ফা থানাতেও রদবদল। কসবার ওসি সৌরভ ভট্টাচার্যকে এসসিও-তে পাঠানো হয়েছে এবং গড়ফার ওসি দেবাশিস নস্করকে কসবা থানার দায়িত্ব দেওয়া হয়েছে। গড়ফা থানার নতুন ওসি হচ্ছেন অমিতাভ সারখেল। এছাড়া চেতলা থানার ওসি মনোজ দত্তকে পিভিডি ওসি এবং তাঁর জায়গায় মৌসম চট্টোপাধ্যায়কে চেতলার দায়িত্ব দেওয়া হয়েছে। করায়া থানার ওসি প্রোজ্জ্বল মুখার্জিকে ডিডিতে বদলি করে অত্নু মজুমদারকে আনা হয়েছে। চিৎপুরের ওসি কান্তিময় বিশ্বাস চন্দনেশ্বর থানায় যাচ্ছেন এবং তাঁর জায়গায় আসছেন সুমন কুমার নস্কর। বেণিয়াপুকুর ও জোড়াবাগান থানার নতুন ওসি হচ্ছেন যথাক্রমে অর্ণব রায় চৌধুরী ও জয়দীপ দাস। ভাঙড় থানার নতুন দায়িত্ব পেয়েছেন গৌতম রুজ। লালবাজারের নির্দেশ অনুযায়ী, এই রদবদল অবিলম্বে কার্যকর করা হচ্ছে।



