Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী ২০ ডিসেম্বর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF Election) নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারতীয় ফুটবলের প্রশাসনিক মহল। সভাপতি কল্যাণ চৌবেকে চ্যালেঞ্জ জানাতে বিরোধী শিবিরও ঘুঁটি সাজাতে শুরু করেছে। সবচেয়ে বড় খবর, ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেল এবং বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশ ফুটবল সংস্থার সভাপতি অরবিন্দ মেনন একসঙ্গে হাত মিলিয়েছেন। দুই হেভিওয়েটের এই জোট নির্বাচনের সমীকরণ অনেকটাই বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
চার বছর আগের সমীকরণ এবার নেই (AIFF Election)
চার বছর আগে কেন্দ্রের শাসক দলের সমর্থন পেয়েছিলেন কল্যাণ চৌবে। কার্যত সেই সমর্থনের জোরেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেডারেশনের সভাপতি হয়েছিলেন তিনি। তবে এবার এখনও পর্যন্ত কেন্দ্রের শাসক দলের তরফে কোনও পক্ষকে সমর্থনের ইঙ্গিত মেলেনি। ফলে রাজ্য ফুটবল সংস্থাগুলির প্রতিনিধিরা নিজেদের পছন্দমতো সভাপতি নির্বাচনের সুযোগ পেতে পারেন। এই পরিস্থিতিতেই বিরোধী শিবির নিজেদের শক্তি বাড়াতে তৎপর হয়েছে।
ফের ফেডারেশনে ফিরতে আগ্রহী প্রফুল প্যাটেল (AIFF Election)
শুরুতে নির্বাচনে আগ্রহ না দেখালেও বর্তমানে ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেল ফের সক্রিয় হয়ে উঠেছেন। ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট বেশ কয়েকটি রাজ্য সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। প্যাটেলের সভাপতি থাকাকালীন ভারতীয় দল একাধিকবার এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছিল। তাঁর আমলেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। পাশাপাশি একাধিক কর্পোরেট সংস্থা ভারতীয় ফুটবলে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছিল।
বর্তমানে একের পর এক কর্পোরেট সংস্থা ভারতীয় ফুটবল থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় আর্থিক সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ফেডারেশনের দায়িত্বে প্রফুল প্যাটেলকে ফের দেখতে চাইছেন কার্যকরী কমিটির একাংশ।
অরবিন্দ মেননের সঙ্গে জোট (AIFF Election)
প্রফুল প্যাটেলের পাশাপাশি বিরোধী শিবিরে সক্রিয় হয়েছেন বিজেপি নেতা অরবিন্দ মেনন। তিনি উত্তরপ্রদেশ ফুটবল সংস্থার সভাপতি হওয়ায় ফেডারেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে তাঁর। তবে একা লড়াই করার পরিবর্তে প্রফুল প্যাটেলের সঙ্গে জোট বেঁধেই নির্বাচনে নামতে আগ্রহী তিনি।
ইতিমধ্যেই দু’জনের মধ্যে একপ্রস্থ আলোচনা হয়েছে। যদিও সভাপতি, সহ-সভাপতি বা অন্য কোন পদে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। আপাতত নিজেদের মধ্যে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দুই নেতার উপরেই ছেড়েছেন বিরোধী শিবিরের সদস্যরা।
শেষ মুহূর্তে বড় চাল দিতে পারেন কল্যাণও (AIFF Election)
অন্যদিকে, নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বর্তমান সভাপতি কল্যাণ চৌবেও (AIFF Election)। বিভিন্ন রাজ্য ফুটবল সংস্থার কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। ঘনিষ্ঠ মহলে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও প্রকাশ করেছেন কল্যাণ।
আরও পড়ুন: Chennai Open: দীপাবলির দূষণে থমকাল টেনিস, চেন্নাইয়ে বিতর্ক, তোপ তারকার
তবে গতবারের মতো এবারও কেন্দ্রের শাসক দলের সমর্থন আদায় করতে পারবেন কি না, সেটাই বড় প্রশ্ন। শেষ মুহূর্তে সেই সমর্থন পেয়ে গেলে নির্বাচনের সমীকরণ ফের বদলে যেতে পারে। কিন্তু প্রফুল প্যাটেল ও অরবিন্দ মেননের জোট বিরোধী শিবিরকে যে অনেকটাই শক্তিশালী করেছে, তা বলাই যায়। ফলে ২০ ডিসেম্বরের AIFF নির্বাচন ঘিরে ভারতীয় ফুটবলের প্রশাসনিক লড়াই এখন অন্য মাত্রা পেয়েছে।



