Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সাতসকালে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল কলকাতা-সাইরাং এক্সপ্রেস (Kolkata-Sairang Express Derails)। বুধবার অসমের গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দিগারুর কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রেলের প্রাথমিক সূত্রে খবর, ট্রেনের ইঞ্জিন-সহ মোট ছ’টি অংশ লাইন থেকে নেমে যায়। দুর্ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক জন আহত হয়েছেন বলে দাবি করেছেন যাত্রীদের একাংশ। যদিও রেলের তরফে প্রাথমিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
আচমকাই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত (Kolkata-Sairang Express Derails)
মঙ্গলবার সকালে কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল এই এক্সপ্রেস (Kolkata-Sairang Express Derails)। বুধবার বিকেলে মিজোরামের সাইরাংয়ে পৌঁছনোর কথা ছিল ট্রেনটির। কিন্তু গুয়াহাটি স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে। দিগারুর কাছে আচমকাই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। তার ধাক্কায় পিছনের পাঁচটি কামরাও বেলাইন হয়ে যায় বলে খবর।
অসন্তুষ্ট যাত্রীরা! (Kolkata-Sairang Express Derails)
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছনোর উদ্যোগ নেন রেলের আধিকারিকেরা। শুরু হয় উদ্ধার ও ত্রাণের কাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে উদ্ধারকাজের গতি নিয়ে যাত্রীদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন।
কেন ঘটল এই ঘটনা?
কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। রেলের প্রাথমিক অনুমান, একটি লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সময় প্রযুক্তিগত বা অন্য কোনও সমস্যা হয়ে থাকতে পারে। কুয়াশার কোনও ভূমিকা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, খবর পেয়েই রেলের আধিকারিকেরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। আটকে পড়া যাত্রীদের বিকল্প ট্রেনে গন্তব্যে পাঠানোর পরিকল্পনাও করা হচ্ছে।


