Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: পুজোর পাস দুর্নীতি (Indranil Sen) মামলায় পুলিশি হেফাজতে ইন্দ্রনীল সেন। এবার প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মেন্টেনেন্স অফ পাবলিক অর্ডার বা এমপিও ধারা লাগু করতে চলেছে লালবাজার। দেশে প্রথমবার এমপিও ধারা লাগু করতে চলেছে পুলিশ। কী এই এমপিও ধারা? এর শাস্তিই বা কী?
গ্রেফতার ইন্দ্রনীল সেন (Indranil Sen)
দুর্গাপুজোর পাস দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। আদালতের নির্দেশে পুলিশি হেফাজতেই রয়েছেন তৃণমূল সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রী। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিএনএসের ৩১৬, ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৩৮, ৩১৮, ৬১(২) এবং ৩৪০(২) ধারা প্রয়োগ করা হয়েছে। এই দুর্নীতির তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এখনও পর্যন্ত ইন্দ্রনীল সেনের স্ত্রী, কন্যা-সহ ১০ জনকে লালবাজারে জেরা করেছেন। তারমধ্যে ইন্দ্রনীল সেনের স্ত্রী ও কন্যার সংস্থার অনান্য আধিকারিকরা রয়েছেন।
মেন্টেনেন্স অফ পাবলিক অর্ডার (Indranil Sen)
পুলিশ সূত্রে খবর, এই মামলায় ইন্দ্রনীল সেনের (Indranil Sen) বিরুদ্ধে মেন্টেনেন্স অফ পাবলিক অর্ডার বা এমপিও ধারা লাগু করতে চলেছেন লালবাজার। এমপিও-র ২ ও ৯ নং ধারা লাগু করার জন্য আদালতে আবেদন করতে চলেছেন পুলিশ। এই সংশোধিত নতুন আইন দেশের মধ্যে প্রথম ইন্দ্রনীল সেনের এই মামলাতেই প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, তার বিপুল পরিমাণ সম্পত্তির হিসাব ইন্দ্রনীল সেন নাকি দেখাতে পারেনি। গান গেয়ে ওই টাকা তিনি উপার্জন করেছেন এমন দাবি করলেও তার কোনও প্রমাণ তদন্তকারীদের হাতে আসেনি বলেই জানা গিয়েছে। কী এই মেন্টেনেন্স অফ পাবলিক অর্ডার আইন?
কোন ক্ষেত্রে এই আইন প্রয়োগ করা হয়?
প্রাক্তন পুলিশকর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার হলো যখন সমাজ ব্যবস্থায় শান্তি-শৃঙ্খলা কে ভঙ্গ করে দেওয়ার জন্য কাজকর্ম করে, এটাকে বাগে আনার জন্য একটা আইন দরকার। সাধারণ আইনে যদি পুলিশি হেফাজত হয়, আর পরের দিন গলায় গাঁদা ফুলের মালা দিয়ে জামিন হয়ে যায়, সেটা হয়না। পশ্চিমবঙ্গ যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, যদি আন্টি সোশালের টাইট করে রাখতে হয়, তাহলে এই আইন খুব দরকার ছিল।”
আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান, “পাবলিকের কোনও ক্ষতি হলে এই অর্ডার লাগু হয়। মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার মানে সম্পত্তি ভাঙচুর, এর সাজা প্রায় ১০ বছর। কী সেকশন লাগবে সেটা সরকারের ব্যাপার।” ইন্দ্রনীল সেনকে কটাক্ষ করে বলেন, “উনি কি মাইকেল জ্যাকসন? মানছি বড় শিল্পী। কার কত ইনকাম হতে পারে সেটা দেখলে বোঝা যায়। গান গেয়ে কত পয়সা রোজগার হয় অন্তত পশ্চিমবাংলায়? প্রচুর ভালো ভালো গায়ক আছে পশ্চিমবাংলায়, যাদের গান আপনি মন দিয়ে শুনতে থাকবেন, এই পয়সা বাকিদের আছে?”
অপরাধীর শাস্তি
এমপিও ধারায় অভিযোগ প্রমাণিত হলে ৯ থেকে ১০ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে এমপিও ধারা লাগু করা হলেও দুর্নীতির পর্দা কি ফাঁস হবে? যারা প্রকৃত অপরাধী তাদের শাস্তি সুনিশ্চিত হওয়াটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইন ও প্রশাসনিক মহল।
আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আরও জানান, “সরকার যতজনকে ধরছে পরে যেন তারা পালিয়ে না যায়, সেটিং তত্ত্বের উৎপত্তি যেন না হয়।
ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করেছে তাতে কোন আপত্তি নেই, কিন্তু যদি তাকে সাজাপ্রাপ্ত ঘোষণা করতে না পারে, তাহলে এই সরকার সঠিক বা সফল কাজ করল বলে আমি মনে করব না।”


