Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার সকাল থেকেই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির সামনে ব্যাপক তৎপরতা। তাঁর বাড়ির সামনের ফুটপাত থেকে সরিয়ে দেওয়া হল লোহার কালো গেট, বাঁশের অস্থায়ী কাঠামো এবং শেড। এই কাজ ঘিরে এলাকায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বাড়ির সামনের পাশাপাশি পিছনের রাস্তাতেও ছিল কড়া নিরাপত্তা।
সকাল থেকেই উচ্ছেদ অভিযান (Abhishek Banerjee)
সকাল থেকেই একের পর এক যন্ত্র নিয়ে শুরু হয় (Abhishek Banerjee) উচ্ছেদ অভিযান। গ্যাস কাটারের সাহায্যে ফুটপাতের উপরে বসানো বিশাল লোহার গেট কেটে সরানো হয়। ভেঙে ফেলা হয় বাঁশের অস্থায়ী কাঠামো ও শেডও। অভিযোগ, ফুটপাতের উপরে এই গেট এবং অস্থায়ী নির্মাণ থাকায় সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল। সেই কারণেই সেগুলি সরানোর উদ্যোগ বলে জানা গিয়েছে। পুরসভার তরফে জানানো হয়েছে, নিরাপত্তার প্রয়োজনে অনেক সময় ফুটপাতে রেলিং বসানো হয়। তবে অভিষেকের বাড়ির সামনে থাকা ওই গেট কারা বসিয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই।
পিছিয়ে না আসার বার্তা
ঘটনার পরেই সমাজমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি লেখেন, যত বুলডোজারই পাঠানো হোক, তাঁর কণ্ঠস্বর বা লড়াই থামানো যাবে না। বাংলার বিরোধীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন তিনি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এক ইঞ্চিও পিছিয়ে আসবেন না বলে জানিয়েছেন অভিষেক।
আরও পড়ুন: Milk Price: বাড়ল আমুলের দুধের দাম, লিটারে কত টাকা বেশি গুনতে হবে?
উল্লেখ্য, এর আগে অভিষেকের জন্মদিন উদযাপন ঘিরে কালীঘাটে উত্তেজনা ছড়িয়েছিল। সেই সময় তাঁকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল। তবে বৃহস্পতিবারের উচ্ছেদ অভিযানের সময় তিনি বাড়ির সামনে উপস্থিত ছিলেন না। সমাজমাধ্যমেই নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সাংসদ।


