Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: স্ট্যান্ড আপ কমেডি ও হাস্যকৌতুকের ভক্তদের জন্য সুখবর! দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ছোট পর্দায় ফিরতে চলেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘মীরাক্কেল’ (Mirakkel 11)। ভাতৃদ্বিতীয়ার দিন নতুন সিজনের ঘোষণা হতেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন দর্শকরা। প্রকাশ্যে এসেছে ‘মীরাক্কেল ১১’-এর প্রথম প্রোমো। আর সেই ঝলক দেখেই পুরনো স্মৃতিতে ফিরে গিয়েছেন শোয়ের অনুরাগীরা। তবে এবারের সিজনে থাকছে বেশ কিছু নতুনত্ব। বদলে যাচ্ছে অনুষ্ঠানের বিন্যাসও।
পাঁচ বছর বয়স হলেই অডিশনের সুযোগ! (Mirakkel 11)
নতুন সিজনে প্রতিযোগীদের অংশগ্রহণের ক্ষেত্রে থাকছে বিশেষ সুযোগ। পাঁচ বছরের ঊর্ধ্বে যে কেউ নিজের মুখে বলা জোকসের ভিডিও তৈরি করে পাঠাতে পারবেন। সেই ভিডিও জমা পড়ার পর শুরু হবে বাছাই পর্ব। সেখান থেকে যোগ্য প্রতিযোগীদের নিয়ে তৈরি হবে মূল পর্ব। অর্থাৎ, কৌতুকের প্রতিভা থাকলে বয়সের বিশেষ বাধা ছাড়াই ‘মীরাক্কেল ১১’-এর মঞ্চে পৌঁছনোর সুযোগ রয়েছে। অডিশনের প্রোমো প্রকাশ্যে আসতেই কীভাবে আবেদন করতে হবে এবং কবে থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হবে, তা জানতে আগ্রহী দর্শকরা।
২০২৭ সালের ফেব্রুয়ারিতে ফিরতে পারে ‘মীরাক্কেল’! (Mirakkel 11)
শোয়ের সম্প্রচার নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকেই নতুন সিজনের সম্প্রচার শুরু হতে পারে। জানুয়ারির শেষের দিকে শুটিং শুরুর সম্ভাবনাও রয়েছে। যদিও গোটা বিষয়টি নির্ভর করছে যোগ্য প্রতিযোগী নির্বাচনের উপর। বিচারকের আসনে কারা থাকবেন, সঞ্চালনার দায়িত্ব কে সামলাবেন, সেই বিষয়েও এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
পুরনো টিমকে ফেরানোর দাবি দর্শকদের (Mirakkel 11)
‘মীরাক্কেল’ বলতেই দর্শকদের মনে প্রথমেই ভেসে ওঠে মীরের সঞ্চালনা এবং শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের বিচারকের আসনে থাকা। তাঁদের উপস্থিতিতেই একসময় জমে উঠত হাসির আসর। তাই নতুন সিজনের ঘোষণার পর থেকেই পুরনো টিমকে ফিরিয়ে আনার দাবি উঠেছে নেটপাড়ায়। দর্শকদের একাংশের মতে, এই পরিচিত মুখগুলিই ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
আরও পড়ুন: Abhishek Banerjee: শেষমেশ অভিষেকের বাড়ির সামনে বুলডোজার অ্যাকশন!
মীরকে কি দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়?
সবচেয়ে বড় প্রশ্ন অবশ্য মীরকে ঘিরে। কারণ, সাম্প্রতিক অতীতে মীর নিজেই জানিয়েছিলেন, তাঁকে আর কখনও ‘মীরাক্কেল’-এর সঞ্চালকের আসনে দেখা যাবে না। ফলে নতুন সিজনে তাঁর প্রত্যাবর্তন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পাশাপাশি সেন্সরশিপ এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিভিন্ন বিধিনিষেধের আবহে কৌতুকের বিষয়বস্তু নিয়েও সতর্ক থাকতে হবে নির্মাতাদের।



