Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী থাকল ভারত (Solar Power)। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে পিছনে ফেলে প্রথমবার নবায়নযোগ্য শক্তির ব্যবহারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দেশ। সৌরশক্তি, বায়ুশক্তি এবং অন্যান্য পরিবেশবান্ধব শক্তির উৎপাদন বৃদ্ধির হাত ধরে তৈরি হয়েছে এই নতুন নজির। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে ভারতের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তির ব্যবহার প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সৌর বিদ্যুৎ উৎপাদন বেড়েছে প্রায় ৩১ শতাংশ এবং বায়ুবিদ্যুতের উৎপাদন বেড়েছে ২৯ শতাংশ। এমনকী, দেশের মোট বিদ্যুৎ চাহিদার ৫১.১ শতাংশ নবায়নযোগ্য শক্তির উৎস থেকে মেটানো সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে। এই সাফল্যের ফলে ব্রাজিলকে পিছনে ফেলে আমেরিকা ও চিনের পরেই তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত।
কয়লার নির্ভরতা কমিয়ে সৌর ও বায়ুশক্তিতে জোর! (Solar Power)
দীর্ঘদিন ধরেই ভারতের বিদ্যুৎ উৎপাদনের অন্যতম প্রধান উৎস ছিল কয়লা। কিন্তু কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলে। গ্রিনহাউস গ্যাসের নির্গমন বৃদ্ধি থেকে শুরু করে বায়ুদূষণ এবং জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার পিছনে জীবাশ্ম জ্বালানির বড় ভূমিকা রয়েছে। পরিবেশবিদ ও অধ্যাপিকা স্বাতী নন্দী চক্রবর্তীর মতে, কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের রিপোর্টে নবায়নযোগ্য শক্তির উৎপাদন ক্ষমতা বৃদ্ধির যে ছবি উঠে এসেছে, তা যথেষ্ট আশাব্যঞ্জক। প্রায় ৫৫৮ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎপাদন ক্ষমতা এই পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিক।
জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় কতটা কার্যকর নবায়নযোগ্য শক্তি?
ক্রমশ বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। কোথাও অতিবৃষ্টি, কোথাও খরা, আবার কোথাও অস্বাভাবিক আবহাওয়ার দাপট। জলবায়ুর এই খামখেয়ালিপনার অন্যতম কারণ গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নির্গমন। স্বাতী নন্দী চক্রবর্তীর বক্তব্য, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌরশক্তি, বায়ুশক্তি এবং জলবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে পরিচ্ছন্ন বাতাস পাওয়ার সম্ভাবনা বাড়বে। কমবে পরিবেশে কার্বনের মাত্রা।
শুধু উৎপাদন নয়, পরিকাঠামো উন্নয়নেও নজর জরুরি! (Solar Power)
নবায়নযোগ্য শক্তির উৎপাদন বাড়লেই অবশ্য সমস্যার সম্পূর্ণ সমাধান হবে না। এর জন্য প্রয়োজন আধুনিক ও পরিবেশবান্ধব পরিকাঠামো। ২০৪৭ সালের মধ্যে নেট জিরো লক্ষ্যের পথে এগোতে হলে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি শিল্পক্ষেত্রের কয়লানির্ভর ব্যবস্থাতেও আমূল পরিবর্তন আনতে হবে বলে মনে করছেন পরিবেশবিদ।
বিদ্যুৎ মজুত ও প্রত্যন্ত অঞ্চলে পৌঁছনোই বড় চ্যালেঞ্জ! (Solar Power)
উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণের জন্য পর্যাপ্ত স্টোরেজ ব্যবস্থা তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে আরও বিনিয়োগের প্রয়োজন। উপযুক্ত নীতি ও পরিকাঠামো তৈরি করা গেলে নবায়নযোগ্য শক্তির সুফল পৌঁছবে সাধারণ মানুষের কাছে।
আরও পড়ুন: Milk Price: বাড়ল আমুলের দুধের দাম, লিটারে কত টাকা বেশি গুনতে হবে?
বিদ্যুতের বিল কমারও কি সম্ভাবনা রয়েছে?
পরিবেশবিদদের আশা, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়লে ভবিষ্যতে স্কুল, কলেজ, অফিস, শিল্পক্ষেত্রের পাশাপাশি গৃহস্থালির বিদ্যুতের খরচও কমতে পারে। তবে তার জন্য প্রয়োজন কার্যকর সরকারি নীতি, পর্যাপ্ত বিনিয়োগ এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ।



