Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ছটপুজোকে কেন্দ্র করে কলকাতা ও সংলগ্ন এলাকার গঙ্গার ঘাট এবং জলাশয়গুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন (Chhath Puja)। পুজোর সময় লক্ষ লক্ষ মানুষের সমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও পরিকাঠামো খতিয়ে দেখতে বৃহস্পতিবার একাধিক ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি, ডিসি পোর্ট-সহ পুলিশ, দমকল, PWD, কলকাতা পোর্ট ট্রাস্ট এবং পুরসভার আধিকারিকরা।
বেহালা থেকে কুমারটুলি, সরেজমিনে পরিদর্শন (Chhath Puja)
এদিন প্রথমে বেহালা থেকে কুমারটুলি পর্যন্ত বিভিন্ন ছটঘাটের পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী। পরে আউটরাম ঘাট থেকে লঞ্চে চেপে গঙ্গার তীরবর্তী একাধিক ঘাট পরিদর্শন করেন তিনি। ঘাটের সিঁড়িতে শ্যাওলা জমেছে কি না, কোথাও আবর্জনা পড়ে রয়েছে কি না, পর্যাপ্ত আলো ও নিরাপদে যাতায়াতের ব্যবস্থা রয়েছে কি না, সবদিকই খতিয়ে দেখা হয়। প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে।
প্রায় ৫০টি ঘাট প্রস্তুত, বাড়ছে আলোর ব্যবস্থা (Chhath Puja)
প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবছর ছটপুজো উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার আরও বেশি ঘাট ও জলাশয় প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৫০টি ছটঘাট তৈরি করা হয়েছে। ঘাটগুলিতে আবর্জনা অপসারণ, জলাশয় পরিষ্কার, প্রবেশপথ সংস্কার এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত টিউবলাইট ও হাই-মাস্ট লাইটও বসানো হচ্ছে(Chhath Puja)।
দুর্ঘটনা এড়াতে ওয়াচটাওয়ার, ডুবুরি ও রেসকিউ বোট
ছটপুজোর ভিড় সামাল দিতে বড় জলাশয় ও গুরুত্বপূর্ণ গঙ্গার ঘাটগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে। থাকবে ওয়াচটাওয়ার, মাইকিং, অ্যাম্বুল্যান্স, উদ্ধারকারী দল, ডুবুরি এবং রেসকিউ বোট। ঝুঁকিপূর্ণ এলাকায় ব্যারিকেড, সতর্কীকরণ চিহ্ন ও ভাসমান লাল বল বসানোর ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও ট্রাফিক নজরদারির পরিকল্পনা নেওয়া হয়েছে।
১৫ নভেম্বর ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, আগামী ১৫ নভেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে ঘাট পরিদর্শনে আসবেন। তার আগেই সমস্ত কাজ সম্পূর্ণ করতে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে।



