Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের সরকারি প্রকল্পে কোনওভাবেই অযোগ্যদের জায়গা দেওয়া হবে না (Suvendu Adhikari)
। সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার একমাত্র প্রকৃত যোগ্য উপভোক্তাদের। আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা প্রদান অনুষ্ঠানে ফের একবার দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের কথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে আবাস যোজনার টাকা পাওয়া অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিলেন তিনি। আগামী ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরত না দিলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে বলে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে সিআইডির বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেও তদন্তের পথে হাঁটতে পারে রাজ্য সরকার।

১২ হাজার অযোগ্য উপভোক্তার টাকা ফেরতের নির্দেশ (Suvendu Adhikari)
শুক্রবার নবান্নে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান অনুষ্ঠানে প্রকল্পের অগ্রগতি এবং উপভোক্তাদের পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই প্রায় ১২ হাজার অযোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা পৌঁছে গিয়েছে। তাঁদের মধ্যে মাত্র এক হাজার জন টাকা ফেরত দিয়েছেন। এখনও প্রায় ১১ হাজার জনের টাকা ফেরত দেওয়া বাকি রয়েছে। এই সমস্ত উপভোক্তাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে আইনি জটিলতায় পড়তে হতে পারে বলেও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।
৫৭ হাজার ভুয়ো উপভোক্তা, তদন্তের নির্দেশ (Suvendu Adhikari)
শুধু ১২ হাজার অযোগ্য উপভোক্তাই নয়, আবাস যোজনার তালিকায় আরও প্রায় ৫৭ হাজার ভুয়ো প্রাপকের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কীভাবে তাঁদের নাম উপভোক্তাদের তালিকায় এল এবং কারা তাঁদের নাম সুপারিশ করেছিলেন, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। এই ঘটনায় প্রশাসনিক স্তরে কারও গাফিলতি বা দুর্নীতি রয়েছে কি না, তা তদন্ত করে দেখতে হবে। প্রয়োজনে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, প্রয়োজন হলে সিআইডির সিট গঠন করে গোটা ঘটনার তদন্ত করানো হবে। অর্থাৎ সরকারি প্রকল্পের টাকা নয়ছয় কিংবা অনিয়মের ঘটনায় কাউকেই রেয়াত করতে রাজি নয় সরকার।
৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ৪২০১ কোটি টাকা (Suvendu Adhikari)
অন্যদিকে, প্রকৃত উপভোক্তাদের পাশে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার একসঙ্গে ৭ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৪ হাজার ২০১ কোটি টাকা প্রদান করা হয়েছে। এর ফলে আবাস যোজনায় মোট উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লক্ষ ২০ হাজার। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজনৈতিক পরিচয়, ধর্ম কিংবা সম্প্রদায় বিবেচনা করে সরকারি অনুদান দেওয়া হয় না। যাঁদের বাড়ি তৈরির কাজ অর্থের অভাবে অর্ধেক হয়ে পড়ে রয়েছে, তাঁদের সকলের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।
আবাস উপভোক্তাদের জন্য অতিরিক্ত সুবিধার ঘোষণা (Suvendu Adhikari)
আবাস যোজনার উপভোক্তাদের জন্য আরও কয়েকটি সুবিধার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের পিএম সূর্যঘর প্রকল্পের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি ভিবি রামজি প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত ৫০ হাজার টাকা এবং স্বচ্ছ ভারত প্রকল্পে শৌচালয় তৈরির জন্য ১২ হাজার টাকা দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
এছাড়া বাড়ি তৈরির খরচ কমাতে বালির দাম নিয়ন্ত্রণের বিষয়েও জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আবাস যোজনার উপভোক্তাদের যাতে প্রতি ইউনিট বালি কিনতে ১২০০ টাকার বেশি খরচ করতে না হয়, তা নিশ্চিত করতে হবে।



