Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তামিলনাড়ুর মাদুরাইয়ে একটি বিখ্যাত গয়নার শোরুমে বড়সড় চুরির ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য (Madurai Robbery)। শোরুম উদ্বোধনের মাত্র ১৫ দিনের মাথায় কয়েক কোটি টাকার সোনার গয়না চুরি করে পালাল একদল দুষ্কৃতী। শোরুমের পিছনের দেওয়াল ও দরজা ভেঙে ভিতরে ঢুকে কার্যত লুটপাট চালায় মুখ ঢাকা দুষ্কৃতীরা। শোরুম কর্তৃপক্ষের দাবি, প্রায় ২০ থেকে ২৫ কেজি সোনার গয়না চুরি গিয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকারও বেশি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটলেও শুক্রবার প্রকাশ্যে আসে এই চুরির খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে মাদুরাই পুলিশ।
উদ্বোধনের ১৫ দিনের মধ্যেই দুঃসাহসিক চুরি (Madurai Robbery)
ঘটনাটি ঘটেছে মাদুরাইয়ের বাইপাস রোডের ধারে অবস্থিত একটি নামী গয়নার শোরুমে। দীপাবলির মাত্র ১৫ দিন আগে ধুমধাম করে শোরুমটির উদ্বোধন হয়েছিল। নতুন শোরুমে বিপুল পরিমাণ সোনার গয়না সাজিয়ে রাখা হয়েছিল। কিন্তু উদ্বোধনের কয়েক দিনের মধ্যেই এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বৃহস্পতিবার সকালে কর্মীরা শোরুম খুলতে এসে চুরির বিষয়টি প্রথম জানতে পারেন। দোকানের পিছনের দেওয়াল ও দরজা ভাঙা অবস্থায় দেখতে পান তাঁরা। ভিতরে ঢুকে দেখা যায়, ডিসপ্লেতে সাজিয়ে রাখা বহু সোনার গয়না উধাও। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।
সিসিটিভিতে ধরা পড়ল তিন দুষ্কৃতী (Madurai Robbery)
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মাদুরাই সিটি পুলিশ কমিশনার এস রাজেন্দ্রন। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার এজি ইনিগো দিব্যান এবং এস বণিতা। প্রাথমিক তদন্তের পর পুলিশ কমিশনার জানিয়েছেন, শোরুমের সিসিটিভি ফুটেজে তিনজন দুষ্কৃতীকে দেখা গিয়েছে। তারা পিছনের দেওয়াল ও দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে।
পুলিশের প্রাথমিক অনুমান, শোরুমের মোট গয়নার প্রায় ৩০ শতাংশ চুরি হয়েছে। তবে ঠিক কতটা সোনা খোয়া গিয়েছে এবং তার প্রকৃত বাজারমূল্য কত, তা খতিয়ে দেখা হচ্ছে। শোরুম কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, প্রায় ২০ থেকে ২৫ কেজি সোনার গয়না চুরি হয়েছে।
লকারের গয়না অক্ষত, টার্গেট ছিল ডিসপ্লে (Madurai Robbery)
ডেপুটি পুলিশ কমিশনার এজি ইনিগো দিব্যান জানিয়েছেন, দুষ্কৃতীরা মূলত শোরুমে প্রদর্শনের জন্য সাজিয়ে রাখা গয়নাগুলিই নিয়ে যেতে পেরেছে। লকারে রাখা গয়নাগুলিতে তারা হাত দিতে পারেনি। ফলে শোরুমের সমস্ত সোনা চুরি যায়নি। তবে চুরি যাওয়া গয়নার সঠিক পরিমাণ ও আর্থিক মূল্য নির্ধারণ করতে আরও তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
তদন্তে বিশেষ দল, তল্লাশিতে পুলিশ কুকুর
দুষ্কৃতীদের শনাক্ত করতে একাধিক পদ্ধতিতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে আনা হয়েছে স্নিফার ডগ বা পুলিশ কুকুর। পাশাপাশি শোরুমের আশপাশের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীরা কোন পথে এসেছিল এবং কোন পথে পালিয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

এই ঘটনার কিনারা করতে তিনজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে রয়েছেন তিনজন করে ইন্সপেক্টর। তাঁরা বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।



