Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মেয়েদের ফুটবলে দল গড়ার পরিকল্পনা করছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব (Mohun Bagan)। তবে তাড়াহুড়ো করে দল নামাতে চায় না সবুজ-মেরুন। সঠিক পরিকাঠামো তৈরি করেই এই উদ্যোগ বাস্তবায়িত করতে চায় ক্লাব। শুক্রবার কার্যকরী কমিটির বৈঠকের পর এমনটাই জানিয়েছেন সভাপতি দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বসু।
মেয়েদের ফুটবলে দল গড়ার প্রস্তুতি (Mohun Bagan)
মহিলা ফুটবলে ইস্টবেঙ্গলের সাফল্য এখন দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চেও পৌঁছে গিয়েছে। লাল-হলুদ যেখানে একের পর এক সাফল্য পাচ্ছে, সেখানে মোহনবাগানের কোনও মহিলা ফুটবল দল নেই। যা নিয়ে সমর্থকদের প্রশ্নের মুখেও পড়তে হয় ক্লাব কর্তাদের। শুক্রবার বৈঠকের পর দেবাশিস দত্ত জানান, মহিলা ফুটবল দল গড়ার বিষয়ে ইতিমধ্যেই একটি ফুটবল কোম্পানির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে দল গড়ার আগে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে চায় ক্লাব। সেই লক্ষ্যে আলাদা মাঠের সন্ধানও চলছে। যদিও কোথায় সেই মাঠ তৈরি হবে, সে বিষয়ে এখনও কিছু জানাননি কর্তারা।
ডিসেম্বরে বার্ষিক সাধারণ সভা (Mohun Bagan)
আগামী ডিসেম্বরে মোহনবাগানের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এবার থেকে সদস্যরা চাইলে ভার্চুয়াল মাধ্যমেও সেই সভায় যোগ দিতে পারবেন। শুক্রবারের কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।
হকি লিগে অংশগ্রহণ নিয়ে আপত্তি (Mohun Bagan)
বাংলার হকির বর্তমান পরিস্থিতি নিয়েও কড়া অবস্থান নিয়েছে মোহনবাগান। সামনেই হকির মরসুম। তবে এক মাস ধরে হকি লিগ আয়োজন করা হলে তাতে অংশ নিতে আগ্রহী নয় সবুজ-মেরুন। তার বদলে ঐতিহ্যবাহী বেটন কাপে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ক্লাব। ইতিমধ্যেই সেই প্রতিযোগিতায় খেলার আমন্ত্রণও পেয়েছে তারা।
দেবাশিস দত্তের অভিযোগ, হকি বেঙ্গলের কর্তারা খেলার উন্নতির চেয়ে পদ ধরে রাখার বিষয়েই বেশি আগ্রহী। তাঁর মতে, বাংলার হকিতে দীর্ঘদিন ধরেই অচলাবস্থা ও পরিকাঠামোর অভাব রয়েছে। এখনও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি।
আরও পড়ুন: IND VS NZ: প্রথম ওভারেই তিন উইকেট, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানে লজ্জার হার ভারতের
হকি অ্যাকাডেমি গড়ার পরিকল্পনা (Mohun Bagan)
বাংলার হকির উন্নতির লক্ষ্যে নিজস্ব হকি অ্যাকাডেমি গড়ার পরিকল্পনাও রয়েছে মোহনবাগানের (Mohun Bagan)। সেই অ্যাকাডেমির মাধ্যমে নতুন প্রতিভা তুলে আনা এবং রাজ্যের হকির পরিকাঠামো উন্নত করার লক্ষ্য ক্লাবের। পাশাপাশি ভলিবলেও দল নামানোর ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দেবাশিস দত্ত। অর্থাৎ, শুধু ফুটবল নয়, একাধিক খেলায় নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে চাইছে মোহনবাগান।



