Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (Gurnoor Brar) ফাইনালে ওঠাই এখন ভারতের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে স্কোয়াডে বড় পরিবর্তন আনল টিম ইন্ডিয়া। ওয়ানডে সিরিজে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার পেলেন তরুণ পেসার গুরনূর ব্রার। টেস্ট দলেও জায়গা করে নিলেন তিনি। অন্য দিকে, ধারাবাহিক ব্যর্থতার জেরে স্কোয়াড থেকে বাদ পড়লেন অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদব। ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে ওয়েলিংটনে দলের সঙ্গে যোগ দিয়েছেন ঋষভ পন্থ। আগামী ১৯ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট।
ODI-তে সাফল্যের পুরস্কার (Gurnoor Brar)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে বল হাতে নজর কেড়েছেন ২৬ বছর বয়সি গুরনূর ব্রার। তিন ম্যাচে তাঁর সংগ্রহ ৯ উইকেট। প্রথম ম্যাচে তিন উইকেট নেওয়ার পর ওয়েলিংটনে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৩০ রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি। শেষ ম্যাচেও দু’টি উইকেট পেয়েছেন এই পেসার।
জশপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়ার মতো অভিজ্ঞদের অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন গুরনূর। তাঁর পারফরম্যান্সে খুশি নির্বাচকেরা। তাই ওয়ানডে সিরিজ শেষ হওয়ার আগেই তাঁকে টেস্ট দলে ডেকে নেওয়া হয়েছে। ফলে রবিবার শেষ ওয়ানডেতে খেলবেন না গুরনূর। তাঁর পরিবর্তে নতুন কাউকে দলে নেওয়া হয়নি।
ব্যর্থ কুলদীপ, ফিরছেন ঘরোয়া ক্রিকেটে (Gurnoor Brar)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াডে ছিলেন কুলদীপ যাদব। তবে ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য তাঁকে ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। চলতি ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে আট ওভার বল করে ৭৩ রান দিয়েছিলেন এই স্পিনার। কোনও উইকেটও পাননি। ভারতীয় বোলারদের মধ্যে তাঁর ইকোনমি রেট ছিল সর্বোচ্চ—৯.১২।
টেস্ট ক্রিকেটেও সাম্প্রতিক সময়ে ছন্দে নেই কুলদীপ। ২০২৬ সালে দু’টি টেস্ট খেলে মাত্র চারটি উইকেট নিয়েছেন তিনি। বোলিং গড় ৪১.২৫, ইকোনমি রেট ৩.৮৫। সব মিলিয়ে আপাতত তাঁকে ঘরোয়া ক্রিকেটে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া।
দ্বিতীয়বার টেস্ট দলে, অভিষেকের অপেক্ষায় গুরনূর (Gurnoor Brar)
চলতি বছর আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের জন্যও ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন গুরনূর (Gurnoor Brar)। তবে সেই ম্যাচে অভিষেক হয়নি তাঁর। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এ বার সেই অপেক্ষা মিটতে পারে। প্রথম একাদশে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে তরুণ পেসারের সামনে।
আরও পড়ুন: Mauricio Pochettino: ম্যান ইউয়ের নতুন কোচ পচেত্তিনো, শুরু কঠিন পরীক্ষা
প্রথম শ্রেণির ক্রিকেটে ২২টি ম্যাচ খেলে ৭১টি উইকেট নিয়েছেন গুরনূর। লাল বলের ক্রিকেটে তাঁর এই অভিজ্ঞতাই কিউয়িদের বিরুদ্ধে কাজে লাগাতে চাইবে ভারত। এখন দেখার, টেস্ট সিরিজে অভিষেকের সুযোগ পেলে কতটা প্রভাব ফেলতে পারেন এই তরুণ পেসার।



