Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে জল্পনার অবসান। মাইকেল ক্যারিকের বিদায়ের ২৪ ঘণ্টার মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Mauricio Pochettino)। রেড ডেভিলসের দায়িত্ব নিতে চলেছেন আর্জেন্টিনার অভিজ্ঞ কোচ মাউরিসিও পচেত্তিনো। বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ১৮ নভেম্বর থেকে ইউনাইটেডের সঙ্গে কাজ শুরু করবেন পচেত্তিনো। দীর্ঘদিনের স্বপ্নপূরণের পাশাপাশি তাঁর সামনে এখন বড় চ্যালেঞ্জ, ছন্দহীন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ঘুরে দাঁড় করানো।
১৮ নভেম্বর থেকে দায়িত্বে পচেত্তিনো (Mauricio Pochettino)
শুক্রবার আনুষ্ঠানিকভাবে পচেত্তিনোকে নতুন হেড কোচ হিসেবে নিয়োগের কথা জানায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মার্কিন ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই এই নিয়োগ চূড়ান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে হাইতির বিরুদ্ধে ১৪ ও ১৭ নভেম্বরের ম্যাচ দু’টি সামলানোর পর পচেত্তিনো এবং তাঁর কোচিং স্টাফকে ছেড়ে দেবে মার্কিন ফুটবল ফেডারেশন। ২০২৯ সালের গ্রীষ্ম পর্যন্ত আড়াই বছরের চুক্তিতে সই করেছেন আর্জেন্টাইন কোচ। ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর থেকে ইউনাইটেডের অষ্টম স্থায়ী কোচ হতে চলেছেন তিনি। বৃহস্পতিবার ক্যারিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ক্লাব।
কঠিন পরিস্থিতিতে ইউনাইটেড (Mauricio Pochettino)
চলতি মরশুমে একেবারেই ছন্দে নেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লিগে ১০ ম্যাচে মাত্র একটি জয়। পাঁচটি ড্র ও চারটি হারের সুবাদে মাত্র আট পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৮ নম্বরে রয়েছে তারা। অর্থাৎ অবনমনের আশঙ্কাও ক্রমশ বাড়ছে। লিগে ইতিমধ্যেই ১৯টি গোল হজম করেছে দল। এমন পরিস্থিতিতে ক্লাবের হাল ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছে পচেত্তিনোকে। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, মার্কিন জাতীয় দলের সঙ্গে তাঁর চুক্তিতে থাকা প্রায় ৭.৪ মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজ দিয়েই তাঁকে দলে নিয়েছে ইউনাইটেড।
দীর্ঘদিনের স্বপ্নপূরণ পচেত্তিনোর (Mauricio Pochettino)
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার স্বপ্ন পচেত্তিনোর দীর্ঘদিনের। ২০১৬, ২০১৯ এবং ২০২৪ সালেও একাধিকবার তাঁর নাম জড়িয়েছিল রেড ডেভিলসের সঙ্গে। ইংলিশ ফুটবলে প্রথম নিজের পরিচিতি তৈরি করেন সাউদাম্পটনের কোচ হিসেবে। পরে টটেনহ্যামের দায়িত্ব নিয়ে ক্লাবকে অন্য উচ্চতায় পৌঁছে দেন। তাঁর কোচিংয়েই ২০১৯ সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল স্পার্স। পরবর্তীতে প্যারিস সাঁ জাঁর দায়িত্ব নিয়ে ফরাসি লিগ, ফরাসি কাপ ও ট্রফি দে শঁপিয়ঁ জেতেন। এরপর চেলসির কোচ হলেও সেখানে প্রত্যাশিত সাফল্য পাননি। তবুও সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে তাঁর অভিজ্ঞতার উপরেই ভরসা রাখছে ইউনাইটেড।
আমেরিকার দায়িত্বেও সাফল্যের ছাপ (Mauricio Pochettino)
২০২৪ সালের কোপা আমেরিকায় হতাশাজনক পারফরম্যান্সের পর গ্রেগ বারহাল্টারের জায়গায় জাতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন পচেত্তিনো। তাঁর অধীনে ৩৫টি ম্যাচের মধ্যে ২১টিতে জয় পেয়েছে মার্কিন দল। পাশাপাশি ২০২৫ সালের কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে পৌঁছেছিল তারা। ২০২৬ বিশ্বকাপেও শেষ ষোলোয় জায়গা করে নেয় যুক্তরাষ্ট্র। কোচিং কেরিয়ার শুরু করেছিলেন এস্পানিওলে। ফুটবলার হিসেবেও ক্লাবটির সঙ্গে দীর্ঘ এক দশকের সম্পর্ক ছিল তাঁর। এরপর ২০১৩ সালে সাউদাম্পটনের দায়িত্ব নিয়ে ইংলিশ ফুটবলে নিজের উত্থানের পথ তৈরি করেন।
আরও পড়ুন: Jesús Owono: ১২ ম্যাচ নির্বাসিত ওয়োনো, অনিশ্চিত প্রত্যাবর্তন
অভিষেকেই লিভারপুলের কঠিন পরীক্ষা (Mauricio Pochettino)
নতুন ক্লাবে পচেত্তিনোর যাত্রা যে সহজ হবে না, তা বলাই বাহুল্য (Mauricio Pochettino)। আমেরিকার দায়িত্ব শেষ করে ১৮ নভেম্বর ইউনাইটেডে যোগ দেওয়ার কথা তাঁর। এরপর প্রথম ম্যাচেই ২২ নভেম্বর অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হতে হবে রেড ডেভিলসকে। অর্থাৎ হাতে প্রস্তুতির সময় খুব বেশি পাবেন না আর্জেন্টাইন কোচ। দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে ইউনাইটেডকে ফের ইংলিশ ফুটবলের শীর্ষ লড়াইয়ে ফিরিয়ে আনাই এখন তাঁর প্রধান লক্ষ্য।



