Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নিজের বিধানসভা কেন্দ্রেই বিক্ষোভের মুখে পড়লেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। ঘোষপাড়া রোডে এক বিজেপি নেতার সঙ্গে তাঁর তীব্র বচসার পর তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান দলেরই একাংশ। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
পরিস্থিতি খতিয়ে দেখতে যান বিধায়ক (Koustav Bagchi)
ঘটনার সূত্রপাত ঘোষপাড়া (Koustav Bagchi) রোডে বেআইনি গ্যাসের কারবার এবং সাট্টার ঠেক চালানোর অভিযোগকে ঘিরে। কৌস্তভ বাগচীর দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় এই ধরনের বেআইনি কার্যকলাপ চলছে। আর এর পিছনে রয়েছেন ব্যারাকপুর ২ নম্বর মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় যাদব। এই অভিযোগ সামনে আসার পরেই সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক।
বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিজেপির স্লোগান (Koustav Bagchi)
সেখানে পৌঁছে বিষয়টি নিয়ে সরব হন কৌস্তভ। পাশাপাশি টিটাগড় থানার পুলিশকেও খবর দেন তিনি। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে।
তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বিধায়ক ঘটনাস্থল ছেড়ে যাওয়ার সময়। অভিযোগ, সেই সময় ঘোষপাড়া রোডে সঞ্জয় যাদবের নেতৃত্বে একদল বিজেপি কর্মী তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কৌস্তভের বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়। বিক্ষোভকারীদের মুখে শোনা যায় ‘গো ব্যাক’ ধ্বনি।
উল্লেখযোগ্য, এর আগেও একবার কৌস্তভ বাগচীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান উঠেছিল। এবার সেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হল তাঁকে নিজের বিধানসভা এলাকাতেই। দলের অভ্যন্তরীণ এই বিরোধ ঘিরে ব্যারাকপুরের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


