Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শান্তিনিকেতনের পর্যটন মানচিত্রে (Sonajhuri Haat) বিশেষ জায়গা করে নিয়েছে সোনাঝুরি খোয়াই হাট। দেশ-বিদেশের পর্যটকদের কাছে জনপ্রিয় এই হস্তশিল্পের বাজার পরিচালনায় এবার বড়সড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হল। হাটের দায়িত্ব সামলাতে গঠন করা হয়েছে ২৫ সদস্যের নতুন কমিটি। পাশাপাশি সপ্তাহে ছয় দিনের পরিবর্তে চার দিন হাট বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই প্রস্তাব ঘিরেই ব্যবসায়ীদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
তিন দিন থেকে ছয় দিন (Sonajhuri Haat)
একসময় সপ্তাহে মাত্র তিন দিন বসত সোনাঝুরি হাট (Sonajhuri Haat) । ২০১২ সালে সেই নিয়ম চালু ছিল। পরবর্তীতে পর্যটকদের ভিড় এবং হাটের জনপ্রিয়তা বাড়ায় সপ্তাহে ছয় দিন বাজার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে বুধবার বাদে প্রতিদিনই সেখানে পসরা সাজিয়ে বসেন হস্তশিল্পীরা। তবে হাটের পরিসর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশ রক্ষা, ব্যবসায়ীদের শৃঙ্খলা এবং পরিচালন ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। হাটের বৈধতা ও পরিবেশগত প্রভাব নিয়ে পরিবেশ আদালতেও মামলা চলছে।
নতুন কমিটির সিদ্ধান্ত
সম্প্রতি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত জানানো হয়। পাশাপাশি কয়েকটি বিধিনিষেধও সামনে আনা হয়েছে। গাছে পেরেক পুঁতে দোকান বা সামগ্রী ঝোলানো যাবে না, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে এবং পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া চলবে না বলে জানানো হয়েছে। স্থানীয় শিল্পীদের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
আরও পড়ুন: Koustav Bagchi: বিজেপি বিধায়ককে এলাকায় ঢুকতেই ‘গো ব্যাক’ স্লোগান, কেন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা?
বিজেপি নেতৃত্বের দাবি, হাটকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতেই এই উদ্যোগ। তবে ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা, সপ্তাহে হাটের দিন কমলে তাঁদের আয় কমতে পারে। অন্যদিকে পরিবেশকর্মী সুভাষ দত্তের বক্তব্য, পরিবেশ আদালত হাটটিকে বেআইনি বলে চিহ্নিত করেছে। তাঁর মতে, সোনাঝুরির অবশিষ্ট পরিবেশ রক্ষা করাই এখন সবচেয়ে জরুরি।


