Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জনপ্রিয় কমেডিয়ান সময় রায়নার (Samay Raina) শো ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর নতুন এপিসোড ঘিরে ফের শুরু হয়েছে বিতর্ক। এবারের পর্বে অতিথি হিসেবে হাজির ছিলেন অভিনেতা কৃষ্ণা অভিষেক এবং অভিনেত্রী হুমা কুরেশি। তবে তাঁদের উপস্থিতির পাশাপাশি সময়ের একটি মন্তব্যই এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে। সেই মন্তব্যকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মতবিরোধ।
ভাইরাল ক্লিপ (Samay Raina)
ভাইরাল ক্লিপে (Samay Raina) দেখা যায়, মঞ্চে পারফরম্যান্সের পর কন্টেন্ট ক্রিয়েটর সালমা দিওয়ানিকে সময় প্রশ্ন করেন, তাঁর সঙ্গে অনুষ্ঠানে কে এসেছেন। সালমা জানান, তাঁর এক কাজিন এসেছেন। তা শুনে হুমা কুরেশি জানতে চান, কাজিনটি কে? তখনই সময় মজা করে বলে বসেন, ‘ওঁর স্বামী’। মন্তব্যটি শুনে হুমার প্রতিক্রিয়া ছিল বিস্ময়ের। পরে সময়কে কানে হাত দিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিও করতে দেখা যায়।
আপত্তি নেটিজেনদের (Samay Raina)
এই কথাতেই আপত্তি তুলেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের অভিযোগ, রসিকতার আড়ালে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অসম্মান করা হয়েছে। এক্স-এ এক ব্যবহারকারী সময়ের মন্তব্যের সমালোচনা করে দাবি করেন, জনপ্রিয়তায় থাকার জন্যই তিনি এমন মন্তব্য করেছেন। যদিও পাল্টা অনেকে সময়ের পক্ষ নিয়ে বলেছেন, এটি নিছকই কৌতুক। আবার কারও মতে, এমন রসিকতা নতুন নয়, তবে তা বারবার বিতর্ক তৈরি করছে। রেডিটেও ক্লিপটি নিয়ে সমালোচনা চলছে।
আরও পড়ুন: Koustav Bagchi: বিজেপি বিধায়ককে এলাকায় ঢুকতেই ‘গো ব্যাক’ স্লোগান, কেন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা?
এপিসোডে কৃষ্ণা অভিষেককেও খোঁচা দেন সময়। গোবিন্দার সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গ তুলে সময় বলেন, আগে কৃষ্ণাকে গোবিন্দার ভাগ্নে হিসেবে চেনা হলেও এখন গোবিন্দাকে কৃষ্ণার মামা হিসেবেই বেশি চেনেন অনেকে। কৃষ্ণা পাল্টা সতর্ক করে জানান, তাঁদের সম্পর্কের বরফ সম্প্রতি গলেছে, তাই মামাকে নিয়ে বেশি রসিকতা না করাই ভালো। এরপর গোবিন্দার পুরনো দুর্ঘটনার প্রসঙ্গেও মজার কথাবার্তা হয়। সব মিলিয়ে, এপিসোডের একাধিক মন্তব্য ঘিরে এখন সরগরম নেটদুনিয়া।


