Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বীরভূমে পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় একদিকে অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, অন্যদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গুলিবিদ্ধ কনস্টেবল বিশ্বজিৎ দাস (Birbhum)। তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কলকাতার এসএসকেএম হাসপাতালে গঠন করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। অর্থোপেডিক এবং জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসকেরা যৌথভাবে তাঁর চিকিৎসা করছেন। আপাতত চিকিৎসকদের প্রধান লক্ষ্য ক্ষতস্থানের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা। সংক্রমণ কমার পরেই অস্ত্রোপচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কীভাবে গুলিবিদ্ধ হলেন কনস্টেবল বিশ্বজিৎ? (Birbhum)
ঘটনার সূত্রপাত গত শুক্রবার সন্ধ্যায়। বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েকবাজার এলাকায় একটি মামলায় সদ্য জামিনে মুক্তি পাওয়া নানুরের বাসিন্দা রতন শেখকে গ্রেফতার করতে যায় পুলিশ। সেই অভিযানে ছিলেন কনস্টেবল বিশ্বজিৎ দাস। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে আচমকাই গুলি চালায় রতন। সেই গুলির একটি এসে লাগে বিশ্বজিতের বাঁ পায়ে। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত (Birbhum)।
পায়ের হাড় একাধিক টুকরোয় ভাঙা, রয়েছে সংক্রমণও (Birbhum)
গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বিশ্বজিৎকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু পায়ের আঘাতের জটিলতা এবং সংক্রমণের বিষয়টি সামনে আসায় রবিবার তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে খবর, গুলির আঘাতে তাঁর বাঁ পায়ের হাড় একাধিক টুকরোয় ভেঙে গিয়েছে। গুলি বের করার পর আঘাতের গভীরতা ও হাড়ের ক্ষতির বিষয়টি স্পষ্ট হয়। ক্ষতস্থানে সংক্রমণও রয়েছে। বর্তমানে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। অর্থোপেডিক বিভাগের প্রধান চিকিৎসক নীরজ ডুগ্গরের অধীনে উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বিশ্বজিৎ। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।
অস্ত্র উদ্ধারে গিয়ে পুলিশের সঙ্গে গুলির লড়াই, মৃত্যু রতনের (Birbhum)
অন্যদিকে, কনস্টেবলকে গুলি করে পালিয়ে যাওয়া অভিযুক্ত রতন শেখের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। পুলিশের দাবি, পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। এরপর গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য তাকে নানুরের চরকোল গ্রামের একটি ইটভাটায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের অভিযোগ, সেখানে লুকিয়ে রাখা পিস্তল বের করে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় রতন। একটি গুলি পুলিশের গাড়িতেও লাগে। পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই জখম হয় রতন। তাকে নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য বোলপুর হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
৩৬টি ফৌজদারি মামলা, তদন্তে পুলিশের নজর
পুলিশ সূত্রে দাবি, রতন শেখের বিরুদ্ধে মোট ৩৬টি ফৌজদারি মামলা ছিল। এই ঘটনায় একদিকে এসএসকেএমে চিকিৎসাধীন কনস্টেবল বিশ্বজিতের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় তাঁর পরিবার ও সহকর্মীরা। অন্যদিকে, অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু ঘিরে পুলিশের ভূমিকা এবং গোটা ঘটনার তদন্তও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপাতত সব নজর বিশ্বজিতের চিকিৎসার অগ্রগতি এবং অস্ত্র উদ্ধারের সময় ঠিক কী ঘটেছিল, তা নিয়ে পুলিশের পরবর্তী তদন্তের দিকে।



