Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে ‘জনজাতি গৌরব দিবস’ উদযাপনে ঝাড়গ্রাম থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আদিবাসীদের দীর্ঘদিনের জমির অধিকার সংক্রান্ত দাবি পূরণের আশ্বাস দেওয়ার পাশাপাশি ভুয়ো তফসিলি জাতি (এসসি) শংসাপত্র নিয়েও কড়া অবস্থানের কথা জানালেন তিনি। এদিন অনুষ্ঠানে আদিবাসী পরিবারের হাতে জমির পাট্টা তুলে দিয়ে তাঁদের অধিকার সুনিশ্চিত করার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানা (Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে জমির পাট্টা ও মালিকানার অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সেই দাবিকে গুরুত্ব দিয়েই এদিন রাজ্যের ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানা তুলে দেওয়া হয়েছে। তাঁর কথায়, শুধু কয়েকজন নয়, গোটা রাজ্যের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে জমির অধিকার দেওয়াই সরকারের লক্ষ্য। এই উদ্যোগ বাস্তবায়নে ইতিমধ্যেই বন দফতর, ভূমি দফতর এবং জনজাতি উন্নয়ন দফতরের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়ে কড়া হুঁশিয়ারি (Suvendu Adhikari)
ভুয়ো এসসি সার্টিফিকেট ইস্যুতেও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, আদিবাসীদের নাম করে অযোগ্য ব্যক্তিদের ভুয়ো শংসাপত্র দেওয়া হয়েছিল। বর্তমান সরকারের আমলে কোনওভাবেই এমন ঘটনা বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই একাধিক ভুয়ো শংসাপত্রধারীকে চিহ্নিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রশাসনকে এই বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা (Suvendu Adhikari)
এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। লোকশিল্পীদের সঙ্গে হাত মেলানোর সময় গ্লাভস পরার প্রসঙ্গ তুলে পূর্বতন সরকারের আদিবাসী সমাজের প্রতি মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে ভুয়ো শংসাপত্র দেওয়ার ঘটনা ঘটেছে।
শবর সম্প্রদায়ের জন্য পিভিজিটি প্রকল্প (Suvendu Adhikari)
শবর জনজাতির মানুষদের জন্যও বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জাতীয় পর্যায়ের পিভিজিটি (বিশেষভাবে বিপন্ন জনজাতি গোষ্ঠী) তালিকায় শবর সম্প্রদায়ের নাম না থাকলেও রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে তাঁদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি। এর ফলে শবর সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
১৮৮টি প্রকল্পে উন্নয়নের বার্তা
এদিন ঝাড়গ্রামে মোট ১৩৭টি প্রকল্পের শিলান্যাস এবং ৫১টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রাস্তা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হস্টেল, সেতু-সহ বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নমূলক প্রকল্প রয়েছে এই তালিকায়। সব মিলিয়ে আদিবাসীদের জমির অধিকার, সামাজিক সুরক্ষা এবং এলাকার পরিকাঠামোগত উন্নয়নকে সামনে রেখে একাধিক বার্তা দিল রাজ্য সরকার। এখন দেখার, ঘোষিত প্রতিশ্রুতিগুলি কত দ্রুত বাস্তবে কার্যকর হয় এবং প্রকৃত উপভোক্তারা কতটা উপকৃত হন।



