Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মেয়েদের সম্মান দিতে হবে, বন্ধুত্বের সম্পর্কেও আনতে হবে বদল (BJP Leader Murshidabad)। এমনই একাধিক পরামর্শ দিয়ে বিতর্কের কেন্দ্রে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিষ্ণুচরণ শিকদার। তাঁর বক্তব্য, সমাজ থেকে ‘বৌদি-ভাবি কালচার’ বন্ধ করতে হবে। এমনকী বন্ধুদের বাড়িতে নিয়ে আসার অভ্যাসও ধীরে ধীরে পরিত্যাগ করা উচিত। বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে চর্চা শুরু হয়েছে।

বৌদি-ভাবি সম্বোধনে আপত্তি (BJP Leader Murshidabad)
বিষ্ণুচরণ শিকদারের বক্তব্য, পরিচয় বা আত্মীয়তার সম্পর্ক না থাকলে কোনও মহিলাকে বৌদি কিংবা ভাবি বলে সম্বোধন করা উচিত নয়। তাঁর মতে, এই ধরনের সম্বোধনের আড়ালে সমাজে নানা ধরনের অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়। তাই এই সংস্কৃতি বন্ধ করা প্রয়োজন। তিনি স্পষ্ট করে বলেন, একেবারে নিজের দেওর, মামাতো দেওর কিংবা পিসতুতো দেওর ছাড়া অন্য কাউকে বৌদি বলা যাবে না।
তাহলে কী বলে সম্বোধন করবেন মহিলাদের? (BJP Leader Murshidabad)
শুধু আপত্তি জানানোতেই থেমে থাকেননি বিজেপি নেতা। বিকল্প সম্বোধনের পরামর্শও দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, কোনও মহিলা বয়সে বড় হলে তাঁকে দিদি বলে সম্বোধন করা যেতে পারে। আবার বয়সে ছোট হলে তাঁকে নিজের নাম ধরে ডাকার পরামর্শ দিয়েছেন তিনি। প্রয়োজনে ভাই-বোনের সম্পর্কের মতো সম্মানজনক সম্বোধন ব্যবহারের কথাও বলেছেন। বিষ্ণুচরণের কথায়, কোনও অপরিচিত মহিলাকে ‘বৌদি একটু সরে বসুন’ কিংবা ‘ভাবি একটু সরে বসুন’ বলার পরিবর্তে ‘দিদি’ অথবা ‘বোন’ বলে সম্বোধন করা উচিত। তাঁর দাবি, মেয়েরাই এই পরিবর্তনের উদ্যোগ নিলে সমাজে ধীরে ধীরে এই অভ্যাস বন্ধ করা সম্ভব।
বন্ধুদের বাড়িতে নিয়ে যাওয়াতেও নিষেধাজ্ঞার পরামর্শ! (BJP Leader Murshidabad)
তবে বিজেপি নেতার বক্তব্যের সবচেয়ে চর্চিত অংশ বন্ধুত্বের সম্পর্ক নিয়ে তাঁর পরামর্শ। তরুণ প্রজন্মের পুরুষদের উদ্দেশে তিনি বলেন, কোনও বন্ধুকে বাড়িতে নিয়ে যাওয়া উচিত নয়। বরং ফোনে কথা বলে বাড়ির বাইরে চায়ের দোকান, মন্দির কিংবা ক্লাবের সামনে দেখা করার পরামর্শ দিয়েছেন তিনি। উদাহরণ দিয়ে বিষ্ণুচরণ বলেন, কোনও বন্ধু বাড়িতে আসতে চাইলে তাঁকে বাড়িতে না এসে বাইরে অপেক্ষা করতে বলতে হবে। এরপর নিজেই বন্ধুর সঙ্গে দেখা করতে চলে যেতে হবে। তাঁর মতে, এই ‘বন্ধু কালচার’ও ধীরে ধীরে ধ্বংস করা প্রয়োজন।
আরও পড়ুন: Suvendu Adhikari: পুলিশ ভবনের উদ্বোধন থেকে পুজোর সূচনা, কী নিয়ে মেদিনীপুরে শুভেন্দু
সমাজ সংস্কার, নাকি ব্যক্তিগত জীবনযাপনে অযাচিত হস্তক্ষেপ?
বিষ্ণুচরণ শিকদারের দাবি, এই ধরনের অভ্যাসে পরিবর্তন আনতে পারলে সমাজের হাজারো উৎপাত ও খারাপ ঘটনা কমানো সম্ভব। তবে তাঁর এই পরামর্শ ঘিরে স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন। মহিলাদের সম্মানজনক সম্বোধনের পক্ষে সওয়াল করা এক বিষয়, কিন্তু বন্ধুকে বাড়িতে নিয়ে যাওয়ার মতো ব্যক্তিগত সিদ্ধান্তেও এভাবে বিধিনিষেধের পরামর্শ কতটা যুক্তিসংগত? সামাজিক শালীনতা বজায় রাখা এবং ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে সীমারেখা কোথায়, সেই প্রশ্নই নতুন করে সামনে এনে দিলেন মুর্শিদাবাদের এই বিজেপি নেতা।



