Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরকে ঘিরে বই বিক্রির বিতর্ক এবার নতুন করে সংঘাতের চেহারা নিল (College Street)। বুধবার সকাল থেকেই কলেজ স্ট্রিটে এসএফআই ও এবিভিপির সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়ায়। এসএফআইয়ের বইয়ের স্টলের সামনে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবিভিপি সদস্যরা। এরপরই দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। বই বিক্রির অধিকার এবং সংগঠনগুলির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা।
বইয়ের স্টল ঘিরেই সংঘাতের সূত্রপাত (College Street)
কলেজ স্ট্রিটে বই বিক্রিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে। একদিকে এসএফআইয়ের স্টলে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’, জগদীশচন্দ্র বসু এবং শিব্রাম চক্রবর্তীর মতো লেখকদের বই। অন্যদিকে এবিভিপির তরফে বিক্রির জন্য আনা হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ‘গুরুজি’ মাধব সদাশিবরাও গোলওয়ালকর এবং ‘ডাক্তারজি’ কেশব বলিরাম হেডগেওয়ারকে নিয়ে লেখা বই। দুই সংগঠনের আলাদা আলাদা বই বিক্রির উদ্যোগকে কেন্দ্র করেই বিশ্ববিদ্যালয় চত্বরে তৈরি হয়েছে রাজনৈতিক ও সাংগঠনিক টানাপোড়েন।
জায়গা বদলে নতুন স্টল এসএফআইয়ের (College Street)
বুধবার পূর্বনির্ধারিত জায়গা থেকে কিছুটা সরে গিয়ে নতুন করে অস্থায়ী বইয়ের স্টল তৈরি করে এসএফআই। সেই স্টলে উপস্থিত থাকার কথা সিপিআইএমের প্রবীণ নেতা বিমান বসুর। তবে নতুন জায়গায় স্টল তৈরির ক্ষেত্রে পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি। অন্যদিকে এসএফআইয়ের এই উদ্যোগকে ঘিরে পাল্টা কর্মসূচির প্রস্তুতি শুরু করে এবিভিপি।
পাল্টা বই বিক্রির দাবিতে রাস্তায় এবিভিপি (College Street)
বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ রাস্তায় বসে বই বিক্রির দাবি তোলে এবিভিপি। সংগঠনের সদস্যদের বক্তব্য, এসএফআই যদি কলেজ স্ট্রিটে বই বিক্রি করতে পারে, তাহলে তাঁরাও একইভাবে বই বিক্রি করবেন। সেই দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে টেবিল ও বেঞ্চ বের করে রাস্তায় বসানোর উদ্যোগ নেন তাঁরা। সঙ্গে ছিল গুরুজি ও ডাক্তারজিকে নিয়ে লেখা বই এবং ছাত্র-যুব সমাবেশের ব্যানার। এবিভিপির কলকাতা মহানগরের দায়িত্বপ্রাপ্ত স্বাধীন হালদার জানান, পুলিশের সঙ্গে তাঁদের আলোচনা চলছে। তবে এসএফআই বই বিক্রি করলে তাঁরাও বই বিক্রি করবেন বলে স্পষ্ট করেন তিনি।
আরও পড়ুন: Birbhum: বীরভূমে পুলিশকে লক্ষ্য করে গুলি, অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু!
ব্যারিকেড ভেঙে ধস্তাধস্তি, মোতায়েন পুলিশ
দুই সংগঠনের এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বারবার এসএফআইয়ের স্টলের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবিভিপি সদস্যরা। একপর্যায়ে ভেঙে ফেলা হয় ব্যারিকেড। এরপর দু’পক্ষের সদস্যদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। এর জেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশবাহিনী মোতায়েন করা হয়।



