Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SMAT 2026-27) দুরন্ত প্রত্যাবর্তন বাংলার। চণ্ডীগড়কে হারানোর পর এবার ঝাড়খণ্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিল লক্ষ্মীরতন শুক্লার দল। বল হাতে সায়ন ঘোষ, মুকেশ কুমারদের দাপট অব্যাহত। অন্যদিকে ব্যাট হাতে নজর কাড়লেন অভিষেক পোড়েল। মাত্র এক রানের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া হলেও ঝোড়ো ইনিংসে বুঝিয়ে দিলেন নিজের দক্ষতা।
বোলিংয়ে সায়ন-ঋষভ-মুকেশের দাপট (SMAT 2026-27)
মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। শুরুটা ভালো করলেও বাংলার বোলারদের সামনে বড় রান তুলতে পারেনি ঝাড়খণ্ড। সায়ন ঘোষ, ঋষভ চৌধুরী এবং মুকেশ কুমার—তিনজনেই দু’টি করে উইকেট তুলে নেন। পিতৃশোক সামলে টুর্নামেন্টে খেলতে নামা সায়ন এদিন ২৩ রান দিয়ে দু’টি উইকেট পান। অন্যদিকে সুযোগ কাজে লাগিয়ে নিজের জায়গা পাকা করার পথে ঋষভও। তবে মহম্মদ শামির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। শেষ পর্যন্ত ১৪৮ রানেই শেষ হয় ঝাড়খণ্ডের ইনিংস।
ব্যাট হাতে জবাব অভিষেকের (SMAT 2026-27)
জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই করণ লালের উইকেট হারায় বাংলা। তবে অভিষেক পোড়েলের ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লক্ষ্মীরতন শুক্লার দল। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও আসন্ন মরশুমের জন্য তাঁকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজি। নিলামের আগে ব্যাট হাতে নিজের দক্ষতার প্রমাণ দিলেন বাংলার উইকেটকিপার-ব্যাটার। মাত্র ৩৪ বলে ৪৯ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দু’টি ছক্কা। অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া হলেও নজর কেড়েছেন অভিষেক।
আরও পড়ুন: IPL Auction: আইপিএল নিলামের আগে ১০ দলের ঘর গোছানো, কারা থাকলেন দলে?
অধিনায়কের অর্ধশতরানে সহজ জয় (SMAT 2026-27)
অন্য প্রান্তে দায়িত্বশীল ইনিংস খেলেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (SMAT 2026-27)। ৪৮ বলে ৬১ রান করে অপরাজিত থেকে বাংলাকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তাঁর ইনিংসে ছিল ছ’টি চার ও একটি ছক্কা। শেষ পর্যন্ত মাত্র তিন উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। ঝাড়খণ্ডের বিরুদ্ধে এই সাত উইকেটের জয় আত্মবিশ্বাস বাড়াবে বঙ্গ শিবিরের।



