Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আগের দিনের বড় পতনের ধাক্কা কাটিয়ে বুধবার ঘুরে দাঁড়াল ভারতীয় শেয়ার বাজার (Stock Market)। বাজার খুলতেই শুরু হল জোরদার কেনাকাটা। ব্যাঙ্কিং ও তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ারে বিপুল বিনিয়োগের জেরে ২০০০ পয়েন্টেরও বেশি বেড়ে ৮৪,৪০০-এর গণ্ডি ছাড়াল সেনসেক্স। অন্যদিকে, ২ শতাংশের বেশি বেড়ে ২৫,৯৩০-এর আশপাশে পৌঁছল নিফটি ৫০। ব্যাঙ্ক নিফটিও ২ শতাংশের বেশি বেড়ে আবার ৬৪,০০০-এর স্তর ফিরে পেল। বাজারের এই ঘুরে দাঁড়ানোর পিছনে বড় ভূমিকা নিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের প্রত্যাবর্তন এবং অপরিশোধিত তেলের দামের পতন।
ব্যাঙ্কিং ও আইটি শেয়ারে ভর করে বাজারের উত্থান (Stock Market)
বুধবার বাজারে সবচেয়ে বেশি চাহিদা দেখা গিয়েছে ব্যাঙ্কিং এবং তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ারে। নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি আইটি, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, নিফটি এফএমসিজি, নিফটি রিয়েলটি এবং নিফটি ফার্মা সূচকে উল্লেখযোগ্য উত্থান হয়েছে। অন্যদিকে, নিফটি মেটাল ও নিফটি মিডিয়া সূচকে বিক্রির চাপ দেখা গিয়েছে।
বৃহত্তর বাজারে অবশ্য মিশ্র ছবি। নিফটি মিডক্যাপ ১০০ সূচক ০.৬৫ শতাংশ বাড়লেও নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ০.২৫ শতাংশ নেমেছে। অর্থাৎ বড় সংস্থার শেয়ারে কেনাকাটা বেশি হলেও ছোট সংস্থার শেয়ারে সেই উৎসাহ দেখা যায়নি।
শক্তিশালী হল টাকা, স্বস্তি দিল অপরিশোধিত তেলের দাম (Stock Market)
মুদ্রা বাজারেও মিলেছে স্বস্তির খবর। মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম ০.৫ শতাংশ বেড়ে ৯২.৪৯-এ পৌঁছেছে। আগের সেশনে এই দর ছিল ৯২.৯১। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেল প্রতি ৯০ ডলারের কাছাকাছি আসায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।
যদিও আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি পুরোপুরি ইতিবাচক নয়। এশিয়ার বাজারগুলিতে পতন দেখা গিয়েছে। প্রযুক্তি ও এআই সংস্থার শেয়ারে বিক্রির জেরে আগের দিন মিশ্র ফল করেছে মার্কিন বাজারও। সেই প্রতিকূলতার মধ্যেও ভারতীয় বাজারে কেনাকাটার জোয়ার বিশেষভাবে নজর কেড়েছে।
নভেম্বরেই ১.৩৪ লক্ষ কোটি টাকা ঢাললেন বিদেশি বিনিয়োগকারীরা (Stock Market)
ভারতীয় শেয়ার বাজারের ঘুরে দাঁড়ানোর অন্যতম বড় কারণ বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের (FPI) প্রত্যাবর্তন। টানা দু’মাস বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়ার পর নভেম্বর মাসে এখনও পর্যন্ত ভারতীয় বাজারে ১.৩৪ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছেন তাঁরা।
বিশ্ব বাজারের পরিস্থিতির উন্নতি, অপরিশোধিত তেলের দামে সংশোধন এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা কমার ফলে ভারতীয় অর্থনীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। পাশাপাশি দেশীয় সংস্থাগুলির আর্থিক ফলও বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করেছে। সেপ্টেম্বর ত্রৈমাসিকে নিফটি ৫০ সংস্থাগুলির সম্মিলিত কর-পরবর্তী মুনাফা (PAT) বার্ষিক হিসাবে ২৪.৩ শতাংশ বেড়েছে। শুধু আর্থিক ক্ষেত্রেই ৪,৫৭৬ মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। অটোমোবাইল, টেলিকম এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও উল্লেখযোগ্য বিনিয়োগ হয়েছে।
২৬ হাজারের লক্ষ্যে নিফটি, কোথায় বাধা? (Stock Market)
বাজারের পরবর্তী গতিপ্রকৃতি নিয়ে আশাবাদী এনরিচ মানির সিইও পনমুদি আর। তাঁর মতে, ২৫,৮০০ স্তরের উপরে ধারাবাহিক কেনাকাটা বজায় থাকলে নিফটি ৫০-এর উত্থানের গতি আরও বাড়তে পারে (Stock Market)। সেক্ষেত্রে ২৬,০০০-এর স্তর হতে পারে পরবর্তী লক্ষ্য। তবে এই স্তরই আপাতত বড় বাধা।
অন্যদিকে, পতনের ক্ষেত্রে ২৫,৫০০ স্তর তাৎক্ষণিক সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। তার পরের গুরুত্বপূর্ণ সাপোর্ট ২৫,৩০০। পনমুদি জানিয়েছেন, রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স (RSI) ৭০-এর উপরে উঠে যাওয়ায় বাজারে বুলিশ প্রবণতা যথেষ্ট শক্তিশালী। তবে উঁচু স্তরে পৌঁছলে মাঝেমধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও দেখা যেতে পারে।
আরও পড়ুন: Nvidia Stock: একদিনেই ১ লক্ষ কোটি ডলার বৃদ্ধি! এনভিডিয়ার শেয়ারে অবিশ্বাস্য উত্থান
সব মিলিয়ে, আগের দিনের ধাক্কা সামলে ভারতীয় বাজারে ফিরেছে ইতিবাচক মনোভাব। বিদেশি বিনিয়োগের প্রত্যাবর্তন, দেশীয় সংস্থার মুনাফা বৃদ্ধি এবং তেলের দামে স্বস্তি—এই তিনের মেলবন্ধনে নতুন করে আশার আলো দেখছেন বাজার বিশেষজ্ঞরা। তবে ২৬ হাজারের পথে নিফটির সামনে যে পরীক্ষা রয়েছে, তা বলাই বাহুল্য।



