Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল মাঠে তাঁর পায়ের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। একের পর এক রেকর্ড, অসংখ্য ট্রফি, বিশ্বকাপ জয়—সব মিলিয়ে লিওনেল মেসি (Lionel Messi) ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা। কিন্তু স্কুলজীবনে কেমন ছিলেন আর্জেন্টিনার মহাতারকা? পড়াশোনায় কতটা মনোযোগী ছিলেন তিনি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মেসির একটি পুরনো রিপোর্ট কার্ড ঘিরে এখন সেই প্রশ্নেই সরগরম নেটদুনিয়া।
সপ্তম শ্রেণির রিপোর্ট কার্ড ঘিরে চর্চা (Lionel Messi)
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মেসির স্কুলজীবনের একটি রিপোর্ট কার্ড। জানা যাচ্ছে, ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময়ের এই রিপোর্ট কার্ড। যদিও এটি কোন পরীক্ষার ফল, তা স্পষ্ট নয়। তবে নম্বরের তালিকা দেখে বোঝা যাচ্ছে, পড়াশোনায় একেবারে সেরা না হলেও খারাপ ছাত্র ছিলেন না মেসি।
খেলাধুলোয় ১০, অঙ্কে কত? (Lionel Messi)
ভাইরাল রিপোর্ট কার্ড অনুযায়ী, ফিজিক্যাল এডুকেশনে ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি। আর্টস অ্যান্ড মিউজিকে পেয়েছিলেন ৮ এবং মরাল এডুকেশনে ৭। অন্যদিকে, অঙ্ক, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তি—প্রতিটি বিষয়েই তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৬।
অর্থাৎ, ক্লাসরুমের পড়াশোনার তুলনায় খেলাধুলোর মাঠেই যে বেশি স্বচ্ছন্দ ছিলেন ভবিষ্যতের এই মহাতারকা, রিপোর্ট কার্ডে তার ইঙ্গিত স্পষ্ট।
ক্লাসে লাজুক, মাঠে একেবারে অন্য মেসি (Lionel Messi)
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’-এর প্রতিবেদন অনুযায়ী, মেসির শিক্ষকরা ছোটবেলা থেকেই তাঁর মধ্যে খেলাধুলোর বিশেষ প্রতিভা দেখতে পেয়েছিলেন। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির অঙ্কের শিক্ষিকা আন্দ্রেয়া সোসা ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, লিও খুব শান্ত ও লাজুক স্বভাবের ছিলেন। ক্লাসে খুব একটা অংশ নিতেন না। কিন্তু ফুটবল খেলতে মাঠে নামলেই সম্পূর্ণ বদলে যেতেন।
নিজের স্কুলজীবন নিয়ে মেসিও একাধিকবার বলেছেন, তিনি খুব একটা ভালো ছাত্র ছিলেন না। এমনকী অনেক সময় বাড়ির কাছের স্কুলেও দেরিতে পৌঁছতেন।
সাধারণ ছাত্র থেকে বিশ্বফুটবলের মহাতারকা (Lionel Messi)
স্কুলের রিপোর্ট কার্ডে নম্বর খুব একটা নজরকাড়া না হলেও ফুটবল মাঠে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন মেসি (Lionel Messi)। আর্জেন্টিনার হয়ে জিতেছেন বিশ্বকাপ ও কোপা আমেরিকা। বার্সেলোনার জার্সিতে একের পর এক অবিশ্বাস্য কীর্তি গড়েছেন। ব্যক্তিগত সাফল্যের ঝুলিতেও রয়েছে অসংখ্য স্বীকৃতি।
আরও পড়ুন: Champions League: ইয়ামাল-রাফিনিয়া ছাড়াই বার্সার গোলঝড়, থামল পিএসজি!
আজ যাঁকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে সম্মান করে গোটা বিশ্ব, সেই মেসিও একসময় ছিলেন আর পাঁচটা সাধারণ কিশোরের মতো। পড়াশোনার চেয়ে ফুটবলের প্রতিই ছিল তাঁর বেশি টান। আর সেই ভালোবাসাই একদিন তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বফুটবলের শিখরে। ভাইরাল রিপোর্ট কার্ড তাই নতুন করে মনে করিয়ে দিচ্ছে, প্রতিভার বিকাশ সবসময় পরীক্ষার নম্বর দিয়ে বিচার করা যায় না।



