Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ডার্বির ঠিক আগে বড়সড় ধাক্কা মোহনবাগান শিবিরে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মহারণে দলের অন্যতম সেরা তারকা মিগুয়েল ফিগুয়েরাকে (Miguel Figueira) পাচ্ছেন না কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। পারিবারিক কারণে ডার্বির আগের দিনই আচমকা ব্রাজিলে ফিরে গিয়েছেন সবুজ-মেরুনের এই অ্যাটাকিং মিডিও। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নতুন করে প্রথম একাদশের পরিকল্পনা সাজাতে হচ্ছে মোহনবাগান কোচকে। তবে মিগুয়েলের অনুপস্থিতিতে কি সত্যিই সমস্যায় পড়বে সবুজ-মেরুন?
ফর্ম হারানোর পুরনো ইতিহাস কি ফিরছে? (Miguel Figueira)
কলকাতা ফুটবলে এক চিরপরিচিত ছবি। ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে কিংবা মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়ে অনেক বিদেশি ফুটবলারই পুরনো পারফরম্যান্স ধরে রাখতে পারেননি। অতীতে টোলগে ওজবের মতো ফুটবলারও সেই অভিজ্ঞতার সাক্ষী। এবার কি সেই তালিকায় নাম লেখাতে চলেছেন মিগুয়েল?
ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকেই ফর্ম ও ফিটনেস নিয়ে সমস্যায় পড়েছেন ব্রাজিলিয়ান তারকা। সবুজ-মেরুন জার্সিতে এখনও টানা ৯০ মিনিট মাঠে থাকতে পারেননি তিনি। কয়েকটি ম্যাচে নেমে গোলও করেছেন। কিন্তু তাঁর কাছ থেকে যে ধরনের ধারাবাহিক পারফরম্যান্স প্রত্যাশা করা হয়েছিল, এখনও পর্যন্ত তা পুরোপুরি মেলেনি।
ডার্বির আগেই ফের বিপত্তি (Miguel Figueira)
মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকেই মিগুয়েলের প্রধান সমস্যা ফিটনেস। চোটের কারণে শেষ চারটি ম্যাচে খেলতে পারেননি তিনি। সেই ধাক্কা কাটিয়ে সম্প্রতি অনুশীলনে ফিরেছিলেন ব্রাজিলিয়ান মিডিও। টানা দু’দিন পুরোদমে অনুশীলনও করেন। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন, ডার্বিই হতে চলেছে তাঁর প্রত্যাবর্তনের মঞ্চ।
কিন্তু শেষ মুহূর্তে সব হিসাব ওলটপালট। ডার্বির ঠিক আগেই পারিবারিক কারণে ব্রাজিলে ফিরে যেতে হয়েছে তাঁকে। শনিবারই দেশ ছেড়েছেন মিগুয়েল বলে খবর। ফলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাঁকে পাওয়ার সম্ভাবনা কার্যত নেই। স্বাভাবিকভাবেই তাঁর অনুপস্থিতিতে নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে দিলেমপেরিসকে।
মিগুয়েলের পরিবারের জন্য প্রার্থনা কোচের (Miguel Figueira)
মিগুয়েলের আচমকা দেশে ফিরে যাওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে সমর্থকদের মধ্যেও। সাংবাদিক বৈঠকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। ব্রাজিলিয়ান ফুটবলারের পরিবারের জন্য প্রার্থনা করেছেন তিনি। তাঁর আশা, মিগুয়েলের পরিবারে সব কিছু ঠিক রয়েছে। তবে এই মুহূর্তে ফুটবলের বাইরের বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছে সবুজ-মেরুন শিবির।
মিগুয়েলের অভাব ঢাকবে কে? (Miguel Figueira)
তবে মিগুয়েল না থাকলেও মোহনবাগানের আক্রমণভাগ একেবারে দুর্বল হয়ে পড়ছে না। কারণ, তাঁকে ছাড়াই পরপর ম্যাচ জিতে এসেছে সবুজ-মেরুন। তার উপর গত ম্যাচেই চোট সারিয়ে মাঠে ফিরেছেন জেমি ম্যাকলারেন। পুরো ম্যাচ না খেললেও যতক্ষণ মাঠে ছিলেন, দলের আক্রমণে যথেষ্ট নির্ভরতা জুগিয়েছেন অস্ট্রেলীয় স্ট্রাইকার।
চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে মোহনবাগানের দুটি গোলের পিছনেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ম্যাকলারেনের। বরং তিনি মাঠ ছাড়ার পরই চাপ বাড়তে শুরু করে সবুজ-মেরুনের উপর। তাই ডার্বিতে তাঁর উপস্থিতি কোচের কাছে বড় স্বস্তি।
আরও পড়ুন: India vs New Zealand: ১১৬ রানেই ৬ উইকেট শেষ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে চরম বিপাকে ভারত
ডার্বির প্রথম একাদশে কি দ্রাজিচ-ম্যাকলারেন? (Miguel Figueira)
মিগুয়েলের (Miguel Figueira) অনুপস্থিতিতে আগের ম্যাচের সফল কম্বিনেশন ধরে রাখার সম্ভাবনাই বেশি। দ্রাজিচ, জেলকোভিচ, ম্যাকলারেন এবং আলবার্তোকে সামনে রেখে প্রথম একাদশ সাজাতে পারেন ডিলমপেরিস। অর্থাৎ ব্রাজিলিয়ান মিডিওর অভাব ঢাকতে দলের বাকি বিদেশিদের উপরই বাড়তি দায়িত্ব পড়তে চলেছে।
ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মিগুয়েলের অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে সাম্প্রতিক পারফরম্যান্স এবং ম্যাকলারেনের প্রত্যাবর্তন কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে মোহনবাগানকে। এখন দেখার, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মিগুয়েলকে ছাড়াই কতটা ধারালো হয়ে উঠতে পারে সবুজ-মেরুনের আক্রমণ।



