Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: এশীয় অভিযানের শুরুটা দুর্দান্ত হয়েছিল ইস্টবেঙ্গলের মহিলা দলের (East Bengal AFC)। গত মরশুমে কোয়ার্টার ফাইনাল খেলা দলকে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছিল মশাল গার্লসরা। কিন্তু সেই ছন্দ ধরে রাখা গেল না। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার শক্তিশালী দল হাচিওন কেএসপিও-র কাছে ১-৪ গোলে হারতে হল লাল-হলুদ ব্রিগেডকে। ফলে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের (এডব্লিউসিএল) পরের পর্বে যাওয়ার লড়াই আরও কঠিন হয়ে গেল।

দুর্দান্ত শুরু (East Bengal AFC)
ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শুরুটা বেশ ভালোই করেছিল ইস্টবেঙ্গল। শক্তি ও অভিজ্ঞতায় এগিয়ে থাকা হাচিওন আক্রমণে ঝড় তুললেও পালটা আক্রমণে জবাব দেওয়ার চেষ্টা করেন রেস্টি নাঞ্জিরিরা। একাধিকবার লাল-হলুদ রক্ষণকে চাপে ফেলেছিল দক্ষিণ কোরিয়ার দলটি। তবে আনোমা ওপোকুরার নেতৃত্বে সেই চাপ সামলে নেয় ইস্টবেঙ্গল। প্রথম ১৫ মিনিট দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই।

এরপর ১৭ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। একক দক্ষতায় প্রতিপক্ষের ডিফেন্ডারদের পরাস্ত করে দুরন্ত গোল করেন ফাজিলা ইকুয়াপুট। তাঁর গোলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে কিশোর ভারতী স্টেডিয়ামে। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

বিতর্কিত ফ্রি-কিক (East Bengal AFC)
এক গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণের ঝাঁজ বাড়ায় হাচিওন। ২৫ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে সমতা ফেরায় দক্ষিণ কোরিয়ার দলটি। যদিও সেই গোলের বৈধতা নিয়ে প্রশ্ন ও বিতর্কের অবকাশ থাকল। এরপর বাকি সময়ে আর কোনও দল গোল করতে পারেনি। ফলে প্রথমার্ধের শেষে ১-১ ব্যবধানে সমতায় ছিল দুই দল।

ভেঙে পড়ল লাল-হলুদ রক্ষণ (East Bengal AFC)
কিন্তু বিরতির পর ছবিটা পুরোপুরি বদলে যায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইস্টবেঙ্গলের রক্ষণে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে হাচিওন। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় তারা। এর ঠিক পাঁচ মিনিট পরই ব্যবধান বাড়ায় দক্ষিণ কোরিয়ার দলটি। পরপর দুই গোল হজম করে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় মশাল গার্লসরা। ম্যাচের শেষ দিকে আরও একটি গোল করে জয়ের ব্যবধান ৪-১ করে নেয় হাচিওন।

পরের রাউন্ডের রাস্তা কঠিন (East Bengal AFC)
ইস্টবেঙ্গলের পুরুষ দলের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু অভিযান কার্যত শেষের পথে (East Bengal AFC)। এবার মহিলা দলের এশীয় অভিযানেও বড়সড় ধাক্কা। পরের পর্বে যাওয়ার আশা অবশ্য এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে সুলঞ্জনা রাউলদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ।

আরও পড়ুন: Bengal Ranji: মহারাষ্ট্রের বিরুদ্ধে চরম ব্যাটিং বিপর্যয়, ম্যাচ বাঁচাতে ভরসা পোড়েল
কারণ, পরের ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ উত্তর কোরিয়ার এপ্রিল ২৫ এসসি। যারা ইতিমধ্যেই হাচিওনকেও হারিয়েছে। ফলে গ্রুপের প্রথম দুইয়ে জায়গা করে নেওয়া লাল-হলুদের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। যদিও তৃতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে সেরা হয়ে পরের রাউন্ডে যাওয়ার একটি সুযোগ খোলা রয়েছে। সেই আশাতেই পরবর্তী ম্যাচে নামতে হবে মশাল গার্লসদের।



