Last Updated on [modified_date_only] by Aditi Singha
রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নিতে চলেছে? সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক মেলাতে কি এবার বড় কোনও পদক্ষেপ নিতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব? দলের অন্দরে যখন ‘ম্যাজিক ফিগার’ নিয়ে জোর চর্চা, ঠিক তখনই রাজ্য বিজেপির একাধিক নেতাকে জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করল দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সেই নির্দেশ মেনেই তড়িঘড়ি রাজধানীর উদ্দেশে রওনা হচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার-সহ দলের একাধিক নেতা। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন সুকান্ত (Sukanta Majumdar)।
সন্ধ্যা ৭টার মধ্যে দিল্লিতে পৌঁছনোর নির্দেশ (Sukanta Majumdar)
সুকান্ত মজুমদার জানান, দলের শীর্ষ নেতৃত্বের তরফে হঠাৎই তাঁদের দিল্লিতে যাওয়ার নির্দেশ এসেছে। সন্ধ্যা ৭টার মধ্যেই রাজধানীতে পৌঁছতে বলা হয়েছে। সেই নির্দেশ মেনেই তাঁরা দিল্লি যাচ্ছেন। তবে ঠিক কী কারণে এই জরুরি তলব, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ফলে বিজেপির অন্দরে কী ধরনের রাজনৈতিক আলোচনা হতে চলেছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে।
ম্যাজিক ফিগারের অঙ্ক নিয়ে কী বললেন সুকান্ত? (Sukanta Majumdar)
এই মুহূর্তে রাজনৈতিক মহলের অন্যতম আলোচ্য বিষয় সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক। প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ছুঁতে এখনও তিনটি আসনের ঘাটতি রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই ঘাটতি কীভাবে পূরণ করবে বিজেপি?
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যথেষ্ট আত্মবিশ্বাসী শোনায় সুকান্তকে। তাঁর সংক্ষিপ্ত জবাব, ‘‘হয়ে যাবে, চিন্তা করতে হবে না।’’ তাঁর দাবি, দলের সর্বোচ্চ নেতৃত্ব গোটা বিষয়টি দেখছেন। কীভাবে প্রয়োজনীয় সংখ্যার সমীকরণ মেলাতে হবে, তা কেন্দ্রীয় নেতৃত্বের ভালোভাবেই জানা রয়েছে। তাঁদের পরিকল্পনা অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ করা হবে (Sukanta Majumdar)।
মহিলা সংরক্ষণ বিল নিয়ে মমতাকে নিশানা (Sukanta Majumdar)
অন্যদিকে, রবিবার সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন সুকান্ত মজুমদার। মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের বিল নিয়ে বিরোধিতার প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, যিনি এই বিল নিয়ে সমালোচনা করছেন, তাঁর মাথায় ‘গন্দা’ জিনিস ভরে গিয়েছে। তাঁর দাবি, মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর মহিলাদের পক্ষের লোক নন।
আরও পড়ুন: Eligible Candidates: ২৬ হাজার চাকরি বাতিলের পরও অনিশ্চয়তা, নিয়োগের দাবিতে সোমবার পথে আন্দোলনকারীরা
ইতিহাসে মহিলা-বিরোধী হিসেবে নাম থাকবে?
সুকান্তের আরও বক্তব্য, মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করলে আগামী ৫০ কিংবা ১০০ বছর পর ইতিহাসের পাতায় বিরোধীদের নাম কালো অক্ষরে লেখা থাকবে। তাঁদের মহিলা-বিরোধী হিসেবেই চিহ্নিত করা হবে বলে মন্তব্য করেন তিনি।



