Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নাট্যসন্ধ্যার সূচনা হয় এক মননশীল আলোচনা দিয়ে (Theatrical Evening)। অধ্যাপক নীলাদ্রি রায় বলেন, “শিল্পযাপন মানে শিল্পে বাস করা; শিল্পকে সময় দিতে হয়, তাকে নিঃশ্বাসের মতো করে বাঁচতে হয়।” তাঁর কথায় ফুটে ওঠে এক গভীর শিল্পদর্শন শিল্প শুধুই প্রকাশ নয়, এটি আত্মবিসর্জনের প্রক্রিয়া। অধ্যাপক দেবারতি জানা বলেন, “মঞ্চে থাকা একদল মানুষ ও মঞ্চের নীচে বসা একদল মানুষ এই দুই গোষ্ঠীর সংযোগ ঘটান বাদল সরকার। সম্পর্কের দূরত্ব শুধু মানুষে মানুষে নয়, শিল্প ও শিল্পীর মধ্যেও তৈরি হয়।” তাঁর বিশ্লেষণে উঠে আসে বাদল সরকারের তৃতীয় নাটকের দর্শন, যেখানে প্রাচীন পালাগানের মতোই দর্শক ও অভিনেতা একই বৃত্তে এসে মিশে যায়।

গ্রামবাংলার পালাগান ও তৃতীয় নাটক (Theatrical Evening)
গ্রামবাংলার পালাগান ছিল লোকজ নাট্যরীতির এক জীবন্ত নিদর্শন যেখানে মঞ্চ, দর্শক, অভিনেতা, গান, সংলাপ সব মিশে একাকার হতো। বাদল সরকার এই ঐতিহ্যকেই পুনরুজ্জীবিত করেন তাঁর “থার্ড থিয়েটার” বা তৃতীয় নাটক ধারায়। “থার্ড থিয়েটার” কোনো প্রথাগত মঞ্চ নয়, কোনো দূরত্ব নয়; দর্শকই সহযাত্রী, নাটকই জীবন, জীবনই নাটক। “বাক্সবন্দী”-তে সেই দর্শনকেই আধুনিক শহুরে প্রেক্ষাপটে পুনর্নির্মাণ করেছেন রাজর্ষি ধাড়া।

বাক্স, সমাজ, এবং মানুষের অন্তর (Theatrical Evening)
‘বাক্সবন্দী’ শুধুই একটি নাটক নয়, এ এক প্রতীকী সমাজদর্শন। আজকের মানুষ নিজের তৈরি বাক্সের মধ্যে বন্দি, সম্পর্কের দায়ে, সামাজিক চাপে, পেশাগত ক্লান্তিতে, নিজের মনের দ্বন্দ্বে নেমে আসে হাজার কল্পনা যা তাদেরকে দম বন্ধ করে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। মঞ্চে সাজানো থাকে একের পর এক বাক্স। প্রতিটি বাক্স যেন একেকটি জীবন, কারও বাক্সে আছে প্রেমের আড়াল, কারও বাক্সে আছে অপরাধবোধ, কারও বাক্সে নিঃসঙ্গতা। এই প্রতীকী বিন্যাসে ফুটে ওঠে আধুনিক মানুষের মানসিক “প্যান্ডোরা বক্স” যার ভেতরে লুকিয়ে আছে সমস্ত দুঃখ, ব্যর্থতা, অপূর্ণতা, তবুও তার এক কোণে লুকিয়ে থাকে আশা।

প্রতীক ও দর্শন (Theatrical Evening)
গ্রিক পুরাণে প্যান্ডোরা বক্স হলো এমন এক উৎস, যেখান থেকে বেরিয়ে আসে পৃথিবীর সমস্ত দুর্ভাগ্য, কিন্তু ভেতরে থাকে আশা। ‘বাক্সবন্দী’ সেই পুরাণের আধুনিক রূপ এখানে বাক্সের ভেতর আছে মানুষের মনের অন্ধকার, আশা লুকিয়ে আছে আত্মসচেতনতার কোণে। শেষ দৃশ্যে যখন এক চরিত্র বাক্সের দেওয়ালে ধাক্কা মারে, তখন দর্শক বুঝে নেয়, এই বাক্স বাইরের নয়, নিজের মনের ভিতরের বন্দিত্ব।

সম্পর্ক, পরকীয়া, ও মানব-দূরত্ব (Theatrical Evening)
নাটকটি শুধুই প্রতীকী সমাজচিত্র নয়; এটি এক আবেগময় সম্পর্কের বিবরণও। সম্পর্কের ব্যবধান, আকাঙ্ক্ষা, আত্মগোপন, এবং অবশেষে নিষিদ্ধ সম্পর্কের প্রলোভন সব কিছুই ফুটে ওঠে সূক্ষ্মভাবে। “পরিচিত মহলে নিজেদের আড়াল করে চুমুর স্বাদ গ্রহণ করে। তারপর? পরকীয়া নেমে আসে… অপছন্দের হলেও সম্পর্ককে গিলে খায়।” এই সংলাপগুলো এক ধাক্কায় দর্শকের অন্তর ছুঁয়ে যায়, কারণ এগুলো কেবল চরিত্রের নয়, আমাদেরই প্রতিচ্ছবি।
মঞ্চ, আলো, এবং আবহ (Theatrical Evening)
রাজর্ষি ধাড়ার নির্দেশনায় আলোর ও অন্ধকারের কাব্যিক ব্যবহার ছিল অসাধারণ। আলো যেন এক চরিত্র, অন্ধকার যেন আরেকটি বাক্স, যেখানে দর্শক নিজের ছায়া দেখে। গানের সুর নাটকের সংলাপহীন মুহূর্তগুলোতেও সৃষ্টি করেছে এক গভীর মানসিক অনুরণন। প্রতিটি সংলাপ, প্রতিটি বিরতি, প্রতিটি নিশব্দতা ছিল একেকটি অনুধাবনের স্তর।

অভিনয় ও চরিত্রচিত্রণ (Theatrical Evening)
অভিনয়ে, রিতম, মেঘবালিকা, জয়, দেবপ্রিয়া, শ্রীজাত, রাজর্ষি। তাদের প্রত্যেকে একেকটি “বাক্সবন্দী” স্বপ্ন! আসা! কল্পনা! ঠিক কি বলা যায় বলুন তো… কেউ পুরনো সম্পর্কের স্মৃতিতে আবদ্ধ, কেউ সমাজের বিচারভীতিতে জড়ানো, কেউ নিজের স্বপ্নকেই ভুল ভেবে আত্মবিসর্জন দিয়েছে। তাদের দেহভঙ্গি, দৃষ্টি, এবং বিরতি নাটকটিকে করে তুলেছে এক মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা।
আরও পড়ুন: kali Puja 2025: কেন গৃহস্থের বাড়িতে শ্মশানকালীর পূজা নিষিদ্ধ?
বাক্সের ভিতরে ‘আসা’ (Theatrical Evening)
“বাক্সবন্দী” একদিকে যেমন বাদল সরকারের তৃতীয় নাটকের ধারা অনুসরণ করে, অন্যদিকে এটি আধুনিক সমাজের মনস্তাত্ত্বিক নৈরাশ্যকে উন্মোচন করে। এটি নাটক নয়, এক প্রতিবিম্ব, মানুষের নিজের তৈরি দেয়ালের, নিজের গড়ে তোলা বন্দিত্বের।
শেষ দৃশ্য যেন বলে যায়, “এই বাক্স ভাঙার দায়িত্ব অন্যের নয়, নিজের।”



