Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বছরের এই সময়টা কলকাতার (KIFF 2025) চলচ্চিত্রপ্রেমীদের কাছে মানেই উৎসবের আমেজ। আবারও শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর। এবারে ৩১তম বর্ষে পা দিচ্ছে এই ফেস্টিভ্যাল, যা শুরু হবে আগামী ৬ নভেম্বর থেকে। চলবে টানা এক সপ্তাহ, শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে।
সাংবাদিক বৈঠক (KIFF 2025)
রবীন্দ্র সদনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উৎসবের (KIFF 2025) যাবতীয় খুঁটিনাটি জানালেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী তথা কিফের প্রধান উপদেষ্টা অরূপ বিশ্বাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহ-মুখ্য উপদেষ্টা ইন্দ্রনীল সেন, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, জুন মালিয়া, পরিচালক হরনাথ চক্রবর্তী, শান্তনু বসু এবং জয়দীপ রায় প্রমুখ।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন (KIFF 2025)
মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, এ বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (KIFF 2025) উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ধনধান্য স্টেডিয়ামে বিকেল পাঁচটায় প্রদর্শিত হবে উদ্বোধনী চলচ্চিত্র ‘সপ্তপদী’-বাংলা সিনেমার ইতিহাসে এক কালজয়ী সৃষ্টি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতি বছরের মতোই থাকছে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশন।
এবারের থিম, ফোকাস কান্ট্রি
এবারের থিম-‘চলচ্চিত্র মেলায় বিশ্ব।’ ফোকাস কান্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে পোল্যান্ডকে। এ বছর মোট ৩৯টি দেশের মধ্যে থেকে বাছাই করা হয়েছে ২১৫টি সিনেমা, যার মধ্যে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্যের এবং ৩০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি। কোঙ্কনি, সাঁওতালি, তুলু, বোরো-সহ মোট ১৮টি ভারতীয় ভাষার ছবিও দেখা যাবে উৎসবে।
শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা
এবারের কিফে ‘বেঙ্গলি প্যানোরমা’ বিভাগে থাকবে বাংলা সিনেমার সোনালি যুগের শ্রেষ্ঠ কিছু সৃষ্টি- ঋত্বিক ঘটকের ‘অযান্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘সুবর্ণরেখা’-র পাশাপাশি ‘বাড়ি থেকে পালিয়ে’-এর মতো অনন্য ছবি। বিশেষ বিভাগে শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা জানানো হবে ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সলিল চৌধুরী ও সন্তোষ দত্তকে।
‘শোলে’র ৫০ বছর পূর্তি
অন্যদিকে, ‘শোলে’র ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে একটি বিশেষ স্মারক অনুষ্ঠান, যেখানে ‘সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার’ দেবেন ছবির পরিচালক রমেশ সিপ্পি। একইসঙ্গে সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র ও শশী আনন্দকে।
আরও পড়ুন: Cyclone Mantha: অন্ধ্র উপকূলে আজ আছড়ে পড়বে মন্থা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা!
প্রতি বছরের মতো এবারও ফিল্ম ফেস্টিভ্যালে থাকছে জনপ্রিয় ‘সিনে আড্ডা’, তবে নতুন নামের আকারে। মুখ্যমন্ত্রীর দেওয়া নতুন নাম ‘গানে গানে সিনেমা’। ইন্দ্রনীল সেন জানিয়েছেন, ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত একতারা মঞ্চে চলবে এই সঙ্গীত সন্ধ্যা, যেখানে থাকবেন বাংলার প্রথিতযশা সঙ্গীতশিল্পীরা।


