Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার শুরু বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। মোট ২৪৩ আসনের মধ্যে ১৮টি জেলার ১২১টি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে (Bihar Assembly Election)। এই পর্বে মোট ১৩১৪ জন প্রার্থীর ভাগ্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ বন্দি হলো। মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে শাসক দল এনডিএ (বিজেপি নেতৃত্বাধীন) এবং বিরোধী দলগুলির জোট ‘মহাগঠবন্ধন’ (আরজেডি নেতৃত্বাধীন)-এর মধ্যে।
প্রথম দফার ভোটগ্রহণকে ঘিরে রাজ্যজুড়ে ছিল কড়া নিরাপত্তা ও উৎসবের আমেজ। এদিন সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে লম্বা লাইন লক্ষ্য করা যায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, দিনের শেষে ভোটদানের হার সন্তোষজনক।
উল্লেখযোগ্য প্রার্থীরা (Bihar Assembly Election):
এই দফায় বেশ কয়েকজন হাই-প্রোফাইল প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে। এর মধ্যে অন্যতম হলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রধান লালুপ্রসাদ যাদবের কনিষ্ঠ পুত্র তথা বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব (রাঘোপুর আসন)। এছাড়াও রয়েছেন লালু-পুত্র তেজপ্রতাপ যাদব (মহুয়া), বিজেপির দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি (তারাপুর) এবং বিজয়কুমার সিনহা (লখীসরাই)। তারকা প্রার্থীদের মধ্যে ভোটযুদ্ধে নেমেছেন ভোজপুরী গায়িকা মৈথিলী ঠাকুর (আলিনগর, বিজেপি) এবং গায়ক-অভিনেতা খেসারীলাল যাদব (ছপরা, আরজেডি)।
আরও পড়ুন: Artificial Intelligence: ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে বিশাল ‘AI ইমপ্যাক্ট সামিট’, আমন্ত্রিত ১২০ দেশ
কোন কোন জেলায় ভোট (Bihar Assembly Election):
প্রথম দফার ভোটগ্রহণের তালিকায় থাকা জেলাগুলি হলো— পটনা, দ্বারভাঙ্গা, মধেপুরা, সহরসা, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারণ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লখীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর। এর মধ্যে মধ্য বিহারের জেলাগুলিতে মহাগঠবন্ধনের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত।
ভোটারদের সংখ্যা ও পরবর্তী দফা:
এই দফায় মোট ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ৭৫ লক্ষেরও বেশি। দেশের প্রথম রাজ্য হিসাবে বিহারে (Bihar Assembly Election) এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) করা হয়েছে।
ভোটগ্রহণ শুরুর পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটারদের ‘পূর্ণ উদ্যমে’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি হিন্দিতে করা এক পোস্টে বিহারের প্রথম বারের ভোটারদের অভিনন্দন জানিয়ে বার্তা দেন, “মনে রাখবেন, আগে ভোট, পরে আহার-বিশ্রাম।”
আরও পড়ুন: IAF Chief: বায়ুসেনা প্রধানের বার্তা: যুদ্ধ থামাতে অপারেশন সিঁদুরের কাছে শিক্ষা নিক বিশ্ব
অন্যদিকে, পটনায় সস্ত্রীক ভোট দিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব বিরোধী জোটের জয়ের বিষয়ে দৃঢ় আশা প্রকাশ করেন। তিনি দাবি করেন, আগামী ১৪ নভেম্বর (গণনার দিন) বিহারে নতুন সরকার তৈরি হবে (Bihar Assembly Election)।
দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর, ১২২টি বিধানসভা আসনে। ভোট গণনা এবং ফলপ্রকাশ হবে ১৪ নভেম্বর। এই ভোট রাজ্যের ভবিষ্যৎ রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


