Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য। ছোটপর্দা থেকে বড়পর্দা সবখানেই নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মন জয় করেছেন তিনি (Sweta Bhattacharya)। সম্প্রতি শেষ হয়েছে তাঁর ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’, যেখানে ‘শ্যামলী’ চরিত্রে অভিনয় করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন অভিনেত্রী। তবে ধারাবাহিক শেষ হতেই যে অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হলেন শ্বেতা, তা ভক্তদেরও চিন্তায় ফেলেছে।

মেকআপের কারণে চোখে গুরুতর সংক্রমণ (Sweta Bhattacharya)
দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন শ্বেতা। শুটিং চলাকালীন অসাবধানতাবশত তাঁর চোখের ভেতরে মেকআপ চলে যায়। প্রথমদিকে এটিকে সাধারণ ফোলাভাব বা অ্যালার্জি ভেবে গুরুত্ব দেননি তিনি। কিন্তু চার-পাঁচ মাস কেটে যাওয়ার পরও সমস্যার উন্নতি না হওয়ায় চিকিৎসকের কাছে যান শ্বেতা। চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, চোখের ভিতরে ঢুকে যাওয়া মেকআপ থেকেই এই দীর্ঘমেয়াদি ফোলাভাব ও সংক্রমণের সৃষ্টি হয়েছে।
চিন্তায় অভিনেত্রী (Sweta Bhattacharya)
এক সাক্ষাৎকারে শ্বেতা বলেন, “চোখে ফোলাভাব ছিল, ঠাণ্ডা লাগলে যেমন হয়, তেমনই ভেবেছিলাম। কিন্তু মাসের পর মাস কেটে যাওয়ার পরও ঠিক হচ্ছিল না। পরে ডাক্তারই জানান ভিতরে মেকআপ ঢুকেই এই সমস্যা হয়েছে।” চিকিৎসকের পরামর্শমতো এখন তাঁকে প্রটেক্টেড গ্লাস, খাওয়ার ওষুধ এবং চোখের ড্রপ ব্যবহার করতে হচ্ছে। তবে শ্বেতা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন সম্ভাব্য সার্জারি নিয়ে। “চোখের ফোলাভাব কমছে না। ডাক্তার বলেছেন ওষুধে কম না হলে অপারেশন করতে হবে। জানি না কী হবে!”
অবাক শ্বেতা (Sweta Bhattacharya)
শুটিং সেটে প্রতিদিন দীর্ঘসময় ধরে মেকআপ ব্যবহার করতে হয় অভিনেত্রীদের। কিন্তু একটি অল্প অসাবধানতাই যে এভাবে বড় সমস্যার কারণ হতে পারে, তা শ্বেতার কাছেও ছিল অত্যন্ত অবাক করার মতো। তাঁর কথায়, “আগেও অনেকবার মেকআপ চোখে গেছে, কিন্তু এত বড় সমস্যা হবে ভাবিনি।”
আরও পড়ুন: Shubman Gill: আইসিইউ-তে শুভমন গিল, চিন্তায় ভারতীয় শিবির

কাজ থেকে বিরতি, তবু প্রস্তুতি নতুন প্রজেক্টের
ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছেন শ্বেতা। মাঝেমধ্যে তাঁর ছোটপর্দায় ফেরার খবর শোনা গেলেও সেটিকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন নিজেই। বর্তমানে একটি ওয়েব সিরিজ নিয়ে আলোচনায় আছেন তিনি, যদিও এখনো কিছুই চূড়ান্ত নয়। তবে শ্বেতা আশা করছেন চোখের সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে এলেই খুব শিগগিরই তিনি আবারও নতুন কাজ নিয়ে ফিরবেন দর্শকদের কাছে।



